মাহমুদ কামাল
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১১:৩০ এএম
ছন্দের মাঝেই সুর তোলে কঠিন পাথর
পাথর নির্যাস তবু দ্রবীভূত ফুলের সৌরভ
শব্দ হয়ে সেই শব্দ প্রণোদিত অনুবাদে
যে অর্থ সমার্থ হয় প্রকাশিত সেই রসায়নে
আবেগের সূত্রগুলো একে একে তৈরি করে
ফুল পাখি নদী নাকি রাধাচুড়ো হয়ে
খোঁপা খোঁজে সৌন্দর্যের অনুপম বাড়ি
যেহেতু ছন্দের সুরে লীলায়িত সকল গড়িমা
তাই দেখে লজ্জা ভেঙে দৌড়ে আসে প্রেমের প্রতীতি
শ্যামাঙ্গিনী মৃদু হেসে তার খোঁপা মেলে দেয়
চিরায়ত সৌন্দর্যের কাছে
ছন্দের মাঝেই এভাবেই কঠিন পাথর
কঠিনেরে ভালোবেসে ফেলে।