সাজ্জাদ সাঈফ
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ১৬:৩৩ পিএম
গুলিবিদ্ধ মৃত্যুর কাছে গিয়ে জিজ্ঞেস করি
ঝড়ে ও বেঘোরে কৃষাণ পিতার বুক ধুকপুক তুমি শান্ত চেয়েছিলে দেখতে হে তরুণ, হে রাষ্ট্রবিদ্ধ লাশ!
আমরা ভেবেছি ফ্যাসিজমে ধস নামাবার ক্রোধ এই তারুণ্যের নাই, যতখানি টিকটক, যতখানি বিবেক-বাঁধাই রাখা পাবজি রয়েছে ঘিরে বিদ্যালয়ে;
আমরা ভুল ছিলাম, আমরা ক্যামেরায় বিরিশিরি আর ইনানি বিচ ধরতে গিয়ে ভুলেই গেছিলাম তারুণ্য আপসকামী নয়, আগুনে হৃদয় সেঁকে রাজপথে হারিকিরি তারা।
যেকোনো মিছিল গেলে স্যালুট করছে বাতাস; যেকোনো দেয়াললিখনে নেমে চুমু খাচ্ছে সূর্যদরদ!
যে কারও গুলির সামনে পাতা সত্যাগ্রহ বুক মৃত্যুকে তুড়িতে উড়িয়ে জানায় লোকদেখানো শোক নয়, প্রতিশ্রুতি নয়, প্রবঞ্চনা আর তো নয়ই, বাংলাদেশ স্বপ্ন চায়, সত্য চায়, রুহের ভিতর চায় প্রশান্ত পতাকা ফিরে!