ফারুক মাহমুদ
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ১৪:২২ পিএম
অপেক্ষা হলো দীর্ঘস্থায়ী ঝড়
হিম ও দহন আঁট করে বুকে ধরা
একচোখে তার মেঘের ফোয়ারা ফোটে
আর চোখে দেখি জমাট বেঁধেছে খরা
অপেক্ষা হলো ভাটা-কবলিত নদী
আর্তনাদের ভেতরে লুকানো বাঁশি
সুর কেঁদে মরে, বাতাসে আগুন-দোলা
পথে ও বিপথে পরাজিতদের হাসি
অপেক্ষা হলো দণ্ডিত কোনো ঘোড়া
কেবলি ঝিমায় বাতিল আস্তাবলে
যক্ষ লিখেছে বিপুল বিরহগীতি
নবমেঘ আর নিজের চক্ষুজলে
এখনও ফেরেনি বিনয় বাবুর ‘চাকা’
অপেক্ষা, তাই, তোমাকে জাগিয়ে রাখা...