রাজিয়া সুলতানা ঈশিতা
প্রকাশ : ৩১ মে ২০২৫ ১৮:২০ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫ ১৮:২৫ পিএম
সন্ধ্যা সেলাই করে আমরা ঋণ জমাচ্ছি
ক্যাপাচিনোর দারুণ সব অ্যালগরিদমে,
বিজয় সরণি থেকে বাঁক নিতে নিতে
সোনালু আর জারুলের বনে,
অভিজাত বইয়ের বিপণিবিতানে আর
গুলশানে রাত-বিরেতে চায়ের রেস্তোরাঁতে।
ম্যানহাটন থেকে লাসভেগাস,
নায়াগ্রা থেকে গ্র্যান্ড ক্যানিয়ন,
মলচত্বর থেকে কোর্টসাইড অ্যাভিনিউ,
নেরুদা থেকে মৈনাক, চসার থেকে শেলী,
পরানের গহিন ভিতর থেকে আনা স্কাইলার্ক ও সমুদ্র-নিষাদ,
কৈশোর থেকে আনা বাগানবিলাস আর
অমলতাসের আলত শিহরন বুনতে বুনতে
আমরা এসে থামি রাত দ্বিপ্রহরে
সারি সারি কৃষ্ণচূড়ার পদমূলে
পাপড়ি ঝরার নিঃশব্দ শিহরনে।