জব্বার আল নাঈম
প্রকাশ : ২৩ মে ২০২৫ ১৬:৫৫ পিএম
কোথাও হুইসেল বেজেই চলছে
কেউ একজন সাড়া না দিলে যেন থামবে না!
এদিকে আমার মৃত বাবা একটি ভ্যান ঠেলে যাচ্ছেন
কাঁচা রাস্তা, ভাঙা ব্রিজ, বিলের পর বিল
ঝড়-তুফান আর দুপুরের কড়া রোদ
নিমেষেই পার হয়ে যাচ্ছেন- কোনোরকম বাধা ছাড়া।
কোথায় যাচ্ছেন কিছুই জানি না!
আমার মা ফুলের গন্ধে ঘুমিয়ে আছেন;
ক্লান্তিহীন বাবা ভ্যান টেনে যাচ্ছেনÑ বহুদূর
এদিকে থেমে গেছে হুইসেলের শব্দ...
বহু দিন পর একটি ভাঙা ব্রিজ জোড়া লেগে নির্জনতার দিকে ছুটছে...