নিজাম বিশ্বাস
প্রকাশ : ১৭ মে ২০২৫ ১২:০৫ পিএম
চাইলে তুমিও থেকে যেতে পারতে
আমরা রাত জাগতাম, আমাদের
চোখের কোটরে জমে থাকতো ঘুম,
আমরা ঘুমতে যেতাম মধ্য ফাগুনে
জোছনায় নেচে চলা সকালের মেঘে,
আমরা স্বপ্নে আমাদেরই দেখতাম
কেউ এসে চুরি করে নিয়ে যায়,
সে অনিশ্চয়তায় তবু প্রেম ছিল,
প্রেমে থাকে না কোনো নিশ্চয়তা,
তুমি চাইলেই এক রাতে আমাকে
খুন করে রেখে দিতে পারতে পাঁজরেÑ
অনেক ভালোবাসবো বলে আমিও
থাকিনি তোমার কাছে, দূর থেকে
আরও দূর সুদূর অতীত থেকে ফিরে
এসে তুমি প্রতিদিন আমায় প্রশ্ন
করো,
ভালোবাসা নিয়ে থাকো সংশয়েÑ
এ জীবনে একটাই পুণ্য করেছি
আমি
শুধু তোমাকেই ভালোবেসে,
তবু এ বেদনা আমাদের জাগে কেন?
হৃদয়ের কাছে চুপ করে বসে থাকে
আমাদের মৃত বিড়ালেরা, তারা
আরেকটু আদর কি চেয়েছিল,
সারারাত ঘ্রাণের চোখ তুলে
তারা
বসেছিল ভাঙা পাচিলের ওপরÑ
যে রাতে আমরা জোনাকি কুড়িয়েছি
ঘুটঘুটে অন্ধকার বেতবনে
আমরা মুঠিতে করে নিয়ে এসেছি
আমাদের হৃদয়, রক্ত ঝরা হৃদয়
বেতের কাঁটায় ক্ষতবিক্ষত হৃদয়
আমাদের দেখা হয়েছিল অন্ধ হবার
পর
হাত হয়েছিল চোখ, প্রগাঢ় ঘ্রাণের
অঙ্গ,
যেমনটা বিড়াল আরেক বিড়ালকে
দীর্ঘ সময় ধরে করে আহ্বান
তুমি বুকপকেটে লুকিয়ে ফুল
শুকিয়েছ, দীর্ঘ দীর্ঘ বিচ্ছেদের
পর
পুরনো জামার পকেটে পেয়েছি
তারে,
বকুলের গন্ধ এখনও অবিকল,
তুমি চেয়েছিলে, এতো কী তাড়া
ছিল যে আমার, তোমাকে হত্যা
করে
যেভাবে জোনাকি পোকার শরীর
থেকে
আঙুলের চাপে টুকে নিলাম রেডিয়াম,
তুমি মিট মিট করে আলো হও
এখনও আলোর ছটায় আমাকে
চুপি চুপি নিয়ে যাও বেতবনে
কোথাও পাই না তবু আমাদের হৃদয়Ñ
তুমি না চাইলেও থেকে যেতাম
জেনেছি যখন থেকে যেতে নেই,
জীবন একটা ঘূর্ণি, এখানে এভাবে
হয় জানা অজানারে, জেনে গেলে
সে থাকে না, প্রকৃত পাখি সে
উড়োপোক সারারাত, ম্রিয়মাণ
আলোর উৎস তীব্র অন্ধকারে,
আমাদের হৃদয়ের কাছে এখন
যেমন অন্ধকার কুয়াশার মতো
স্থির হয়ে আছে, যেন গতরাতে
আমাদের কারো ঘুম হয়নি,
আমরা একটা রাত থেকে আরেকটা
রাতে চলে গেছি দিনকে টপকেÑ
কী কুয়াশা, মেয়াদহীন কাঁদুনে
গ্যাসে
হাঁটছি তো হাঁটছি, চোখের আবদার
হয়েছে পূর্ণ, তোমার নিশ্বাসেরা
অনবরত উঠছে নামছে সীমাহীনতায়Ñ
আমাদের মৃত খরগোশ ফিরে আসে
পৃথিবীর গাজরের বনে সারাদিন
কুটকুট করে সে গাজর কাটে
আমাদের বুকে এসে চুপ করে থাকে
স্পর্শে উড়ে যায় বাতাসের ডানায়
চেপে