রেজাউদ্দিন স্টালিন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৩:৫৬ পিএম
ঋতুপুত্র কোথায় গেলো পালিয়ে,
গ্রীষ্ম আনে আকাশ থেকে অগ্নি
বর্ষা আনে বন্যা তার ভগ্নি,
শরৎ দেয় মেঘের ধোঁয়া জ্বালিয়ে।
হেমন্ত সে ঋষির বেশে সৌম্য,
শীতের চেয়ে ঠান্ডা মাথা কার’বা?
ফাগুনে তাল ঠুকছে কে কাহারবা,
এসব বোঝে যাদের ভাষা কৌম্য।
রাজা আছেন মন্ত্রী যত সৈন্য,
পুরুত বলে লগ্ন দেখো উত্তম,
ঋতুচক্র ধ্যানের মুনি গৌতম;
কবিরা কেনো বলছে দেশে দৈন্য?
বাঁধতে হবে তাদের যারা কাব্যে
কাঁদছে শাদা কাশফুলের জন্য;
অনাধুনিক এরাই হীনমন্য,
মূর্খ যারা ঋতুর কথা ভাববে।
এখন এই নগর পুড়ে নষ্ট,
ঋতুর মুখ দেখে না কোনো ভদ্র,
বাঁশির সুর শুনবে কে সুভদ্র
রাধার কাছে সবইতো অস্পষ্ট।