রেজাউল কারীম
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৩:৫১ পিএম
উড়তে উড়তে ডাক দিই,
অবাধ্য আড়াল, রূপান্তর।
আমাকে ঘিরে মাতাল লাভার মতো
দলে দলে জড়ো হয় অপরূপ মেঘ।
অপরিচিতের মতো পিছু নেয়
ইকারুসের চিত্রকল্প ও অন্যান্য।
রক্তমাংসের পাপড়ি থেকে
খসে যেতে থাকে
একজোড়া ডানা,
হাওয়ার মিথস্ক্রিয়ায়
নিজেকে ভাঙতে ভাঙতে
সমুদ্রের বাড়ি যাই।
তারপর
গভীর জলের এস্রাজে
মরতে মরতে
পাখি পাখি শূন্যতায়,
দিন যায় রাত যায় আমার।