সিকতা কাজল
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৩:৪৮ পিএম
বিষণ্ন সুন্দর ভাতগুলো আমাদের দিকে তাকিয়ে হাসে। রাত লম্বা হাঁ করে গিলে খায় থালা বাটি-গ্লাস।
তোমরা তরকারির বাটির দিকে তাকিয়ে সহসা হারিয়ে যাও। নিড়ানি জমির সৌন্দর্যে চোখ রাখো
অথচ...
মাঠগুলো অভুক্ত হয়ে পড়ে আছে বহুকাল।
ঘুমগুলো লুট হয়ে গেছে বানিয়া বন্ধুর হাতের মুঠোয়।
রিভোট্রিল ০.৫ এমজিতে আটকে থাকা মুদিত যুগল চোখ বেঘোরে ঘুমায়।
রাত, দিনে নেতিয়ে পড়া স্বপ্নের ভিতর ঢুকে পড়ে দুটো সারস, পানকৌড়ি।
ভাতের নামতা পড়ি।
বিষণ্ন সুন্দর জীবনের ক্যানভাসে
অর্ধসমাপ্ত তরতাজা প্রাণ খুঁজি।