ফারজানা কুইন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৩:৪৫ পিএম
যদি আর কোনো সন্ধ্যায়
তোমায় অপেক্ষা করিয়ে না রাখি,
ভেবো আমি খুন হয়েছি।
যদি তোমার ব্যস্ততাময় অপরাহ্ণ শেষে
আমায় আর খুঁজে না পাও,
ভেবো আমি খুন হয়েছি।
যদি পরিত্যক্ত দেয়ালের নগ্নতায়
অস্থির করে তোলা তোমার নির্জন মধ্যরাতে
বহুবার নত হওয়া এই আমাকে খুঁজে না পাও,
ভেবো আমি খুন হয়েছি।
উদ্বেলিত অন্ধকার বুকে নিয়ে
যদি কোনো দিন কোনো শুকতারা খসে পড়ে,
যদি তোমার বসন্তের পুষ্পিত বাগান জুড়ে
কোনো কৃষ্ণচূড়ার রং ফিকে হয়ে যায়,
ভেবো আমি খুন হয়েছি।
যদি তোমার এলিয়ে দেয়া শরীরের মাঝে
হাজারো দীর্ঘশ্বাসের ভিড়ে
একটি দীর্ঘশ্বাস কেবল আমায় খুঁজে ফেরে
ভেবো আমি খুন হয়েছি।
যদি তোমার ৫৬ হাজার বর্গমাইলের দেশে
মাত্র সাড়ে ৩ হাত উঠোন জুড়ে
আমি ঘুমিয়ে থাকি,
ভেবো আমি খুন হয়েছি।