প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫২ পিএম
এবারের বইমেলায় প্রকাশ হয়েছে কবি শাহেদ কায়েসের তিনটি কবিতার বই ও একটি অনুবাদ গ্রন্থ। ‘বৈভব’ থেকে প্রকাশিত হয়েছে শাহেদ কায়েসের কবিতার বই ‘নৈরাজ্যবাদী হাওয়া’ এবং ফিলিস্তিনি জাতীয় কবি মাহমুদ দারবিশের কবিতার অনুবাদগ্রন্থ ‘মুক্তিকামী মানুষের কবিতা’; ‘ভাষাচিত্র’ থেকে প্রকাশিত হয়েছে ‘স্বনির্বাচিত কবিতা’ এবং ‘ঐতিহ্য’ থেকে প্রকাশিত হয়েছে ‘মায়াদ্বীপ’।

‘নৈরাজ্যবাদী হাওয়া’ বইটি এ বছর প্রকাশিত হয়েছে একই সময়ে ভিন্ন ভিন্ন স্থানের তিনটি প্রকাশনী থেকে― ভারতের কলকাতা থেকে ‘কবিতা আশ্রম’, আগরতলা থেকে ‘নীহারিকা’ এবং ঢাকা থেকে ‘বৈভব’ বইটি প্রকাশ করেছে।
কবি কবির হুমায়ূন ‘নৈরাজ্যবাদী হাওয়া’ প্রসঙ্গে বলেন, “শাহেদ কায়েসের জীবন-প্রবাহ ত্রিমাত্রিক আবহে জড়িয়ে গেছে। ফলে তার ‘নৈরাজ্যবাদী হাওয়া’ কাব্যগ্রন্থের কবিতাও সে জীবন-প্রবাহকে এড়াতে পারেনি। ‘নৈরাজ্যবাদী হাওয়া’ কাব্যগ্রন্থ পাঠে আমার মধ্যে অদ্ভুত একটা অনুরণন কাজ করেছে। পড়তে-পড়তে থেমেছি। আবার নতুন করে লাইনগুলো পড়েছি। ভুলে গেছি। আবার মনেও করেছি। পাঠে এটি কোনো সহজ পদ্ধতি নয়। বৈশ্বিক উল্লম্ফন আমাদের চেতন প্রবাহে যে নৈরাজ্য মেখে দিয়েছে, চেষ্টা করলেও তা আর এড়ানো সম্ভব নয়। ফলে শাহেদের ‘নৈরাজ্যবাদী হাওয়া’ কাব্যগ্রন্থের কবিতাগুলো সহজ করে পাঠের উপায় নেই। সহজে-গরলে-জটিলে-কুটিলে মাখামাখি।

এটিই বর্তমান জীবন-যাপনের একটি নমুনা। মানে আছে, আবার নেই। প্রেম আছে, আবার নেই। সারল্য আছে, আবার নেই। এভাবে শোক-বেদনা-মহামারি-মানুষের জন্য কাতরতা, প্রকৃতির জন্য ভালোবাসা-হাহাকার থেকেও নেই। কিংবা নেই, তবু আছে। এ কারণে ‘নৈরাজ্যবাদী হাওয়া’ কাব্যগ্রন্থের কবিতাগুলো বিভিন্ন মানসিকতায় পাঠ আবশ্যক। ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন পরিবেশেও।”