× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশেষ

প্রথম মধুসূদন

খসরু পারভেজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৫:০৩ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ১৫:২২ পিএম

মাইকেল মধুসূদন দত্ত (২৫জানুয়ারি ১৮২৪-২৯ জুন ১৮৭৩)

মাইকেল মধুসূদন দত্ত (২৫জানুয়ারি ১৮২৪-২৯ জুন ১৮৭৩)

বাংলা সাহিত‍্যে মাইকেল মধুসূদন দত্তের একক প্রচেষ্টায় আমাদের ভাষা-সাহিত‍্য কতখানি অগ্রসর হয়েছে, তা যদি ক্রমানুসারে উল্লেখ করি তাহলে এমনই দাঁড়ায় যে, বাংলা সাহিত‍্যে অমিত্রাক্ষর ছন্দের জনক মধুসূদন। বাংলা কবিতায় চতুর্দশপদী (সনেট) কবিতার স্রষ্টা মধুসূদন। বাংলা সাহিত‍্যে প্রথম ও একমাত্র পত্রকাব‍্যকার তিনি। বাংলা সাহিত‍্যে প্রথম ও সার্থক মহাকাব‍্যের স্রষ্টা। প্রথম সার্থক বাংলা নাটক রচয়িতা। একই সঙ্গে প্রথম ঐতিহাসিক নাটক রচয়িতা। বাংলা নাটকে প্রথম সার্থক প্রহসন ও সার্থক ট্র্যাজেডির সৃষ্টি হয়েছে মধুসূদনের হাতে। তিনিই বাংলা সাহিত‍্যে প্রথম বহুভাষাবিদ কবি। আমাদের প্রথম দেশপ্রেমিক ও প্রকৃতিপ্রেমিক কবি।

বাংলা সাহিত‍্যে প্রথম আঞ্চলিক ভাষা ব‍্যবহারকারী কবি। নবতর গীতিকবিতার প্রবর্তক। প্রথম গদ‍্যকাব‍্যের স্বপ্নদ্রষ্টা। মধুসূদন বাংলা সাহিত‍্যের প্রথম সংবর্ধিত কবি। প্রথম আন্তর্জাতিক চেতনাসম্পন্ন ও অসাম্প্রদায়িক কবি। বাংলা সাহিত‍্যে প্রথম উৎসর্গরীতির প্রবর্তক। সর্বপ্রথম সার্থক অনুবাদক। কাব‍্যসাহিত‍্যে প্রথম নারীস্বাধীনতার ঘোষক। বাংলা সাহিত‍্যে মধুসূদনই প্রথম সার্থক অলংকারবিদ ও প্রথম সার্থক ছান্দসিক কবি। বাংলা সাহিত‍্যে প্রথম এপিটাফ রচয়িতা। বাংলা সাহিত‍্যে প্রথম নদীবিষয়ক কবিতার জনক। প্রথম আধুনিকমনস্ক সংগীত রচয়িতা মধুসূদন। এমন অনেক অভিধায় তাঁকে অভিহিত করা সম্ভব।

দুই.

মাইকেল মধুসূদন দত্ত এগারোটি ভাষায় লিখতে ও পড়তে পারতেন। তাঁর আগে এমন দৃষ্টান্ত দেওয়ার মতো আর কেউ নেই। বহু ভাষা শিখে সেসব ভাষার ভাব-সম্পদ আত্মস্থ করে স্বদেশের সাহিত‍্য তিনি সমৃদ্ধ করে গেছেন। ১৮৪৯ খ্রিস্টাব্দ, মধুসূদন তখন মাদ্রাজে। সেখান থেকে তিনি তাঁর বন্ধুকে ভাষা শিক্ষার যে রুটিন পাঠাচ্ছেন, তা রীতিমতো বিস্ময়কর! তিনি লিখেছেন, ‘প্রিয় গৌর, তুমি হয়তো জানো না যে, প্রত‍্যহ আমি কয়েক ঘণ্টা তামিল ভাষা চর্চায় কাটাই। একজন স্কুল ছাত্রের চেয়েও আমার জীবনে অনেক ব‍্যস্ততা। এই হচ্ছে আমার ক্লাস রুটিনÑ সকাল ৬টা থেকে ৮টা হিব্রু, ৮টা থেকে ১২টা স্কুলের কাজ, ১২টা থেকে ২টা গ্রিক, ২টা থেকে ৫টা তেলেগু ও সংস্কৃত, ৫টা থেকে ৭টা ল‍্যাটিন, ৭টা থেকে ১০টা ইংরেজি। আমি কি আমার মাতৃভাষাকে সৌন্দর্যমণ্ডিত করে তোলবার জন‍্য নিজেকে প্রস্তুত করে তুলছি না!’ (ইংরেজি থেকে অনুবাদ)। সারা দিনরাত এমনভাবে আঠারো ঘণ্টা ভাষা-অধ‍্যয়নের দৃষ্টান্ত আমাদের মধ‍্যে দ্বিতীয়টি নেই।

তিন.

১৮৫৬ খ্রিস্টাব্দে মধুসূদন স্ত্রী-কন‍্যা-পুত্রদের ফেলে মাদ্রাজ থেকে কলকাতা ফিরে আসেন। শুরু হয় জীবনের নতুন অধ‍্যায়। তখন মাতৃভাষায় প্রকৃতপক্ষে কোনো ভালো নাটক ছিল না। বেলগাছিয়া নাট‍্যশালায় মঞ্চস্থ হবে ‘রত্নাবলী’ নাটক। এটি শ্রীহর্ষের সংস্কৃত রচনা। বাংলায় অনুবাদ করেছিলেন রামনারায়ণ তর্করত্ন। ইংরেজ সাহেবদের বোধগম‍্যের জন‍্য নাটকটির ইংরেজি অনুবাদের প্রয়োজন হয়। সে দায়িত্ব পড়ে মধুসূদনের ওপর। নাটকটি অনুবাদ করতে এসে তিনি অনুভব এবং প্রত‍্যক্ষ করলেন বাংলা নাটকের দুর্দশা। তিনি সিদ্ধান্ত নিলেন নাটক লিখবেন। বন্ধুরা হতবাক। যে মধুসূদন কিছুদিন আগে চাকরির ইন্টারভিউতে ‘পৃথিবী’ বানান লিখেছিলেন ‘প্রথিবী’, সেই মধুসূদন লিখবেন নাটক! এটা অসম্ভব! কিন্তু মধুসূদন সেই অসম্ভব সম্ভব করলেন। অল্প কিছু সময়ের মধ‍্যে তিনি রচনা করেন বাংলা সাহিত‍্যে প্রথম সার্থক নাটক ‘শর্ম্মিষ্ঠা নাটক’। পাশ্চাত্য ধারায় বাংলা সাহিত‍্যে প্রথম নাটক শর্ম্মিষ্ঠা নাটক। শর্ম্মিষ্ঠা নাটকের মঞ্চায়নে সাফল‍্যের পর মধুসূদন আরও নাটক রচনায় অনুপ্রাণিত হন। এরপর তিনি রচনা করেন ‘পদ্মাবতী নাটক’। পুরুষশাসিত সমাজে স্ত্রী চরিত্রকে যথাযথ মর্যাদা দিয়ে বাংলা সাহিত‍্যে প্রথম নাটক পদ্মাবতী। পদ্মাবতীর সাফল‍্যের পর মধুসূদন চোখ ফেরালেন সমাজের দিকে। তিনি প্রত‍্যক্ষ করলেন ইংরেজি শিক্ষার সংস্পর্শে এসে তরুণদের উচ্ছৃঙ্খলতা। এর প্রতিবাদে তিনি লিখলেন প্রহসন ‘একেই কি বলে সভ‍্যতা?’। পাশাপাশি লিখলেন আরও একটি প্রহসন ‘বুড়সালিকের ঘাড়ে রোঁ’। এ প্রহসনে তিনি ধর্মের মুখোশধারী, ধর্মের ধ্বজাধারী এক জমিদারের চিত্র অঙ্কন করলেন।

মধুসূদন তাঁর এ প্রহসনে বিশেষ করে হানিফ, ফতেমা, গদা, পুটির মুখ দিয়ে বলিয়েছেন যশোর-সাগরদাঁড়ী অঞ্চলের প্রান্তিক মানুষের মুখের ভাষা। দুটি প্রহসনের সাফল‍্যের পর মধুসূদন রচনা করেন ‘কৃষ্ণকুমারী নাটক’। এটি বাংলা সাহিত‍্যের প্রথম ঐতিহাসিক নাটক ও সার্থক ট্র্যাজেডি। নাটক লেখার পাশাপাশি মধুসূদন কাব‍্য রচনায় হাত দেন। ১৮৬২ খ্রিস্টাব্দে পুরাণাশ্রিত কাহিনী নিয়ে তিনি রচনা করেন ‘মেঘনাদবধ কাব‍্য’। যা বাংলা ভাষার শ্রেষ্ঠ মহাকাব‍্য। পুরাণাশ্রিত হলেও এ কাব‍্য দেশপ্রেমের ঐতিহ্যে অনুরণিত। রামায়ণে যে রাম পূজিত, মেঘনাদবধ কাব‍্যে সেই রাম ঘৃণিত, পররাজ‍্যলোভী। রামায়ণের ঘৃণিত রাবণ মেঘনাদবধ কাব‍্যে মহান দেশপ্রেমিক, নন্দিত। মেঘনাদবধ কাব্যে দেশপ্রেমের ধ্বনি উচ্চারিত হয়েছে। 

চার.

১৮৬৬ খ্রিস্টাব্দে ইতালির বিশ্ববিশ্রুত কবি দান্তের ষষ্ঠ জন্মশতবার্ষিকী উপলক্ষে ইতালিতে দান্তের উদ্দেশে সনেট রচনা করে ইতালীয় অনুবাদসহ রাজা ভিক্টর ইমানুয়েলের কাছে প্রেরণ করেন। সেখানে নিজেকে তিনি গঙ্গাতীরের কবি বলে পরিচয় দেন। ইতালির রাজা মধুসূদনের কবিতা পেয়ে তাঁর সচিব মারফত মধুসূদনকে জানিয়ে দেন, ‘…আপনার কবিতা প্রাচ‍্য ও প্রতীচ‍্যের মধ‍্যে সেতুবন্ধ রচনা করিবে।’ ভিক্টর ইমানুয়েলের সেই বাণী সত‍্যে পরিণত হয়েছে। বাংলা ভাষা একটি উন্নত ভাষা হিসেবে বিশ্বে আজ স্বীকৃত।

সারা জীবন যশ, খ‍্যাতি, জীবিকার জন‍্য দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়িয়েছেন, কিন্তু একটি দিনের জন‍্য ভুলতে পারেননি বাংলা ভাষা-সাহিত‍্যের উন্নতির কথা। ১৮৭২ খ্রিস্টাব্দে ব‍্যারিস্টার হিসেবে একটি মামলা পরিচালনার জন‍্য মধুসূদন ঢাকা আসেন। ঢাকাবাসীদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময়ে একটি বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘…আমার সম্বন্ধে আপনাদের আর কোনো ভ্রমই হউক, আমি সাহেব হইয়াছি এ ভ্রমটি হওয়া ভারি অন‍্যায়। আমার সাহের হইবার পথ বিধাতা রোধ করিয়া রাখিয়াছেন। আমি আমার বসিবার ও শয়ন করিবার ঘরে একখানি আর্শি রাখিয়া দিয়াছি এবং আমার মনে সাহেব হইবার ইচ্ছা যেমনি বলবৎ হয় অমনি আর্শিতে মুখ দেখি। আরো আমি শুদ্ধ বাঙ্গালী নহি, আমি বাঙ্গাল, আমার বাটি যশোহর।’ মধুসূদনের মতো আমরাও যেন বারবার নিজেদের আয়নায় নিজেদের মুখটা দেখে আমাদের বাঙালিত্ব পরখ করে নিতে পারি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা