× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েটি

দিলারা হাফিজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৪:৫৬ পিএম

 মেয়েটি

মাটি থেকে জন্ম নেয়া মেয়েটি নদী হয়ে যায়

ধুলো ওড়া চোখ তার সুদূরের তরীÑ

জলের শরীর ভেঙে ঢেউ তোলে লাবণ্যের ফণা

বঙ্গের বাস্তবে আছে শত বছরের প্রাচীন ইতিহাস

ফসলের ঘ্রাণে থাকে যেমনÑবট ও পাকুড়ের ছায়া

ক্ষুরধার ক্ষুধার ধারণাÑথেকে

জন্ম নেয় মানবিক মায়াÑ

কাঁদে ক্ষুধা

সাধে জল

শরীর ও মন জুড়ে বাজে তার শৈশবের গান!



হও ঘনীভূত
খালেদ হোসাইন 

বাঁচতে হয় প্রতিটি মুহূর্তই
এই মুহূর্ত আভিধানিক নয়
খুব পুরনো যদিও এসব কথা
তবু তোমার নেই তাতে প্রত্যয়।

অতীত নিয়ে করো ঘাঁটাঘাঁটি
ভবিষ্যতের জন্য কাটো ছক
দেশ-বিদেশের বায়বীয় প্রেম
প্লাটিনামের মতোই ঝকমক

করে তোমার মস্তিষ্কে-মনে 
এর বাইরে বিস্মিত বিস্ময় 
গরিব মেঘের মতো অনাদৃত
প্রত্যাখ্যান করো তা নিশ্চয়।

এবার তুমি হও তো ঘনীভূত
তোমার প্রাণে নিজস্ব সত্তায়
আবার তুমি সামনে এসে দাঁড়াও
মাটি ফুঁড়ে উত্থিত পথটায়।


অনুবাদ 
তৌহিদ ইমাম

স্পর্শিত দুঃখ ছুঁয়ে আছে নখে-নথে-ত্বকে
দুঃখগুলো অবাধ, বেপথু
রাতভর ভারী করে নিঝুমতা
কখনো হাত বাড়িয়েছ বুকের দিকেÑ
লোনা কান্নার মতো যে বুক তাপিত?
যে বুক লু হাওয়ার মতো ঘূর্ণি তোলে
হু হু দীর্ঘশ্বাসের
কে বেশি অপ্রতিদ্বন্দ্বীÑ
দুঃখ, নাকি দীর্ঘশ্বাস?

দুঃখের তবু বিবিধ প্রকাশ
দীর্ঘশ্বাসের কি অনুবাদ হয়, বলো!


বেগমফুল
হাসনাইন হীরা

আর কেউ নেই, কবিতা আছে
কবিতা আমার বেগমফুল
অপরাহ্ণের মতো ভাব ধরে থাকে।
মাঝে মাঝে ডাকে
মাঝে মাঝে এড়িয়ে যায়।
এর মধ্যেই আমি তার কাছে যাই
হাত ধরে বসে থাকি, মন ধরে কথা কই

যার সুগন্ধি গুঁড়ো করা আভায় শ্বাস নিই আর
পার হই পিপাসার নদী।
শ্লীলতাহানির অভিযোগ ওঠে,
অভিযোগ তো অস্তগামী ছড়াগান
যার ঝাপসা তরঙ্গ থামিয়ে আরো কিছুক্ষণ স্বপ্নযুদ্ধ করি
ঠোঁটের বিরুদ্ধে খেপিয়ে তুলি ঠোঁট,
গোপনীয়তার মার্জিন ভেঙে
পাখিবাদী সকালের কাছে কবিতাবিষয়ক
কথা বলে আসি মানুষের মফস্বলে
বজ্রের মতো ছড়িয়ে পড়ে পাখিবিষয়ক কবিতা।

অতঃপর মর্মান্তিক দুপুরের দিকে হাঁটি,
দেখি আর কেউ নেই, কেবল কবিতা আছে
কবিতা আমার বেগমফুল সাদা নীলিমার মাটি।

ছল কিংবা ছায়া
খালেদ চৌধুরী

মেয়েটি বধূ সাজবে বলে সম্মতি দেয় আবার দেয় না
প্রস্ফুটিত গোলাপের অপেক্ষা সুন্দর কি না জানি না,
তবে উৎকণ্ঠার মেঘ আমার আকাশে ঘুরপাক খায়।
তাকে আবার সবকিছু খুলে না-বললে বোঝে না;
আমি উজ্জয়িনীপুরের কালিদাস নই যে মেঘ পাঠাব
আমার কৃষ্ণের মতো এত গোপিনীর দরকার নেই।
মন যে চায় না তা আবার বলি কেমন করেÑ
প্রায় সময় মনে হয় তাঁর কররেখায় একটা ফুল আঁকি
বেণি টেনে চুল এলোমেলো করে দিই আবার সাজাই
বাঘকে বাধ্য করি একটা দিনের জন্য ঘোড়া হতে
আমার কথাকলি সামান্য কিছু সময় চড়ে বেড়াবে,
এক চক্কর ঘুরবে উত্তরের পাহাড়ে অথবা বাঁশবনে।
এই যে এত এত ছল কিংবা ছায়া, ইনিয়ে বিনিয়ে বলা
ভালোবাসা জন্মান্তরের কোমল আহ্বান ছাড়া আর কী?

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা