সাঈদ বারী
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:৫৪ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:৫৬ পিএম
এবারের বইমেলায় আপনার প্রত্যাশা?
জুলাই-আগস্ট বিপ্লবের পর এবার প্রথম অমর একুশে বইমেলা হতে যাচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তাদের আত্মত্যাগের মহিমা বইমেলায় আগত প্রতিটি ক্রেতা-দর্শকের সামনে যেন সার্বক্ষণিক ভেসে ওঠে, সেই ব্যবস্থা থাকবেÑ এই প্রত্যাশা আমার। আশা করছিÑ এবার স্বৈরাচারমুক্ত পরিবেশে বইমেলা আরও বেশি প্রাণের মেলা হয়ে উঠবে লেখক-প্রকাশক-পাঠকের কাছে।
ফ্যাসিবাদের আমলে বইমেলায় সরকারদলীয় লোক ছাড়া অন্য মত ও পথের মানুষের স্পেস ছিল না।
একজন জাতীয় নেতার উদ্ধৃতি দিয়ে বলতে হয়Ñ বইমেলায় প্রবেশ করলে মনে হতো, বিশেষ কোনো দলের কাউন্সিল অধিবেশন।
মেলার স্থান বিন্যাস ও প্যাভিলিয়নের ধরন নিয়ে আপনার পরামর্শ
বিগত বছরগুলোতে প্যাভিলিয়ন বরাদ্দে দলীয় রাজনীতি সবচেয়ে বড় নিয়ামক ছিল। তা ছাড়া প্যাভিলিয়ন বিন্যাসেও কাঠামোগত ত্রুটি ছিল। চারদিকে খোলা রেখে সাধারণ স্টলের মতো বই বিক্রি করত প্যাভিলিয়ন।
মেলাকেন্দ্রিক বই প্রকাশকে আপনি কোন দৃষ্টিতে দেখেন?
আমাদের দেশে নিয়ম হয়ে গেছেÑ বইমেলার সময় নতুন বই প্রকাশ করা। এটি এখন প্রকাশনা জগতে রেওয়াজ হয়ে গেছে। এর জন্য প্রকাশকদের পাশাপাশি আমি লেখকদেরও দায়ী করব। তারা সারা বছর হাত গুটিয়ে বসে থাকেন, বইমেলা এলে পাণ্ডুলিপি তৈরি করা শুরু করেন। কিন্তু এতে বইয়ের গুণগত মান বজায় রাখা সম্ভব হয় না। তাই বইমেলাকেন্দ্রিক বই প্রকাশনাকে আমি নিরুৎসাহিত করি।
আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান থেকে সারা বছরই বই প্রকাশ করে থাকি। তারপরও রেওয়াজ অনুযায়ী লেখকদের আগ্রহে বইমেলায়ও বেশ কিছু বই প্রকাশিত হয় আমাদের।
এতে সম্পাদনার ঘাটতি থাকে কি না?
শুধু বইমেলাকেন্দ্রিক বই প্রকাশ অপেশাদারসুলভ কর্মকাণ্ড। গ্রন্থাকারে প্রকাশের আগে পাণ্ডুলিপি সম্পাদনা, সংস্কার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একজন সৃজনশীল প্রকাশকের। উন্নত বিশ্বে পাণ্ডুলিপি সম্পাদনা ছাড়া বই প্রকাশনা কল্পনাও করা যায় না। অথচ আমাদের দেশে বইমেলাকে ঘিরে যেসব বই প্রকাশিত হয়, তার অধিকাংশই অসম্পাদিত হয়ে প্রকাশিত হয়।
ফলে মানসম্পন্ন বই হয়ে ওঠার ঘাটতি রয়ে যায় এসব বইয়ের। ভালো, রুচিবান ও নিবিড় পাঠমনস্ক পাঠকও মুখ ফিরিয়ে নেয় এসব বই থেকে।
পাণ্ডুলিপি নিয়ে সম্পাদনার কাজ করতে হলে অনেক দীর্ঘ সময় হাতে থাকতে হয়, যেটা বইমেলাকে ঘিরে বই প্রকাশনার সময় সম্ভব নয়।
এ বছর আপনার প্রকাশনা থেকে কতগুলো বই বের হচ্ছে? সেগুলোর বিষয়বস্তু...
আমরা গত এক দশক ধরে আমাদের নতুন প্রকাশিত উল্লেখযোগ্য একটি বইকে ‘থিম বই’ ঘোষণা দিয়ে আসছি।
এবার সূচীপত্রের থিম বই ‘বাঙালি মুসলমান’। এটি একটি সংকলন গ্রন্থ। সম্পাদনা করেছেন মোহাম্মদ আবদুল হাই। বইটি প্রায় ৭৫০ পৃষ্ঠার আয়তনের।
এ ছাড়া গত বছরের মার্চ থেকে এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রকাশিত ৩০টি বই একুশে বইমেলায় সূচীপত্র স্টলে প্রদর্শিত ও বিক্রি হবে।