কবিতা
মতিন রায়হান
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৪:০৬ পিএম
শীত এসে গেল বলেই তোমার দিকে
কিছু উষ্ণতা ছড়িয়ে দিই
জানি, তুমি এক পরিযায়ী-প্রেম!
উড়ে এসে জুড়ে বসো প্রণয়ের ডালে
কারণ উষ্ণতা ছাড়া তোমার যে বাঁচা বড় দায়!
পলে পলে তৈরি করা হলো এক উষ্ণ প্রস্রবণ
যেন শরীর ডুবিয়ে সেরে নিতে পারো
উচ্ছ্বসিত স্নান
যদিও অন্ধেরা ছুঁতে চায় তোমার বিভূতি!
এও জানি, শীত এলে ঘন ঝাউবন
নেমে আসে হাঁটুজলে
জলের দ্রাঘিমা ছুঁয়ে উড়ে যায় সিগালেরা
থেকে থেকে বাজে বন্দরের ভেঁপু
মিলনের লগ্ন বয়ে যায়...
শীত এসে গেছে
তাই মুখিয়ে রয়েছে সমগ্র অস্তিত্ব
তুমি এসো, ভুবন রাঙিয়ে
ডুবে যাই আজ উষ্ণধারাজলে...