কবিতা
আজাদুর রহমান
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১০:২৩ এএম
কমলালেবু, এবার শীত আসবে বহুদূর থেকে।
লেপচা রমণীদের হাতেবোনা রেলগাড়ি
পাহাড়ের মতো কালো হুইশেল উড়িয়ে
ঝুমঝুম কুয়াশা গায়ে, কিশোরীর দিব্বি হয়ে
বেণি দোলানো অবাধ্য দুপুরের ঘ্রাণে
ঘন গ্রামের ঘুম পরাণে জাদুকরের পায়ে পায়ে
নীরবে এসে দাঁড়াবে স্টেশনে, শীতকাল।
এই যে গাছ, গাছের পরে গাছ
যেন মিছিলে মিছিলে মাছেদের লাইন,
আজ জেনে গেছে পশমি সুতোর প্রয়োজন।
আদরের আঙুলগুলো আলতো দরজায়,
খোসা ছড়ালেই পড়ে যেও না রোদ্দুর
এবার শীত আসবে বহুদূর থেকে
কমলালেবুর মতো মন,
বদলে যাবে হাতের অভ্যেস।