কবিতা
চরু হক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৪:০০ পিএম
গাছ মরে যায় মাছ মরে যায়
মরে যায় আঙুলের স্বর
গান মরে যায়, ধান মরে যায়
মরে যায় চুমুর প্রহর
সোনার রুপার সেই জীয়নমরণ কাঠি
হাতড়ে বেড়াই পথে পথে
রাজকন্যার ঘুম ভাঙবে না জানি কবে
এই নিদারুণ সংকটে।
শান্তিকামীর এই শান্তিকপোত ছুঁয়ে
শপথ করছি আজ শোনো
আঁকতে চাই না আর ধুঁকে ধুঁকে মরবার
এই সীমাহীন গহ্বর।
সংকটে তুমি, ওগো সংশয়ে তুমি
তুমি আমাদের দিবাকর
রক্তমশালে আজ সেজেছে শহর দেখো
ভেসে গেছে এ চরাচর।