কবিতা
সাকিরা পারভীন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৫ এএম
বলো তবে
বরফ কুচির বিস্তারিত কোন্দল থেকে
এক আঁচল রোদ এনে দেবে
সকালের শিশিরস্নাত ঘাস
হেসে ওঠে যদি এই অঘ্রানে
তবে ধরে নাও এসব বিবর্ণ সকাল অপচয়
নির্লিপ্ত দুপুরের অপব্যয় শেষ হলে
তোমারই প্রতীক্ষায় এক্কা-দোক্কা খেলে
কালো পিঁপড়েরা
মাটি খোঁড়া শেষে
ফেলে আসা সিন্ধুর
অবকাশযাপনের সই
ছাতু করে বাড়ি ফেরে কেউ...
আজ তবে বলোÑ তুমি এনে দেবে
মৃত্যুর অমোঘ ঠিকানা লেখা একমাত্র চিঠি
ফেলে যাওয়া ডাক--পিওনের ঝোলায় ডোবা
শব্দের মানে বোঝোনি কোনো দিন
আর কোনো দিন
অভ্রকণা খুঁজে পাওনি বলে ধুলোর ভেতরে
অবিরাম...
সঞ্চারিত অভিমানের পর্বত
জড়ো করেছো নীলগিরি
বলো তবেÑ গুঁড়ো করে দেবে এইবার।
কবির কার্তিক হয়ে ঘরে ফিরে এলে
নবান্নের নারিকেল মুড়ি এঁকে দেব
লাউয়ের পাতায়
খেজুরের রসে মেতে
আর কিছুতেই পুবে-পশ্চিমে
কোনো বৃন্দাবনে যাবে না হারিয়ে
দেখ দূরে বিবর্ণ পাতার গহ্বরে ঝাঁপ তোলে
ঝুরঝুর ঘুণ নাকি ধুন...
জীবনের অথই বুদবুদ