কবিতা
শাহাবুদ্দীন নাগরী
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ০৯:০৯ এএম
ভুল করেছি অনেক আমি জীবনজুড়ে ভুল,
নেশার মতো ভুল করবার নেই কোনা মাশুল।
এক পা গেলে দু’পা পেছোই তিন পা পড়ে ভুলে,
বুকের ভেতর বিশাল আকাশ তাতেই ওঠে দুলে।
কেন যে ভুল হয়?
ভুলের হিসেব করতে গিয়ে জীবনটা নয়ছয়।
একটা ভুলে অন্তরালে অথৈ বন্যা নামে,
কষ্টকথার চিঠি আসে গোপনে নীল খামে।
কীভাবে আর দ্বিতীয় ভুল করি?
দেখি হাতের ঘড়ি, বৃথাই নড়িচড়ি,
পকেটে নেই কারো জন্য একটা কানাকড়ি।
যাচ্ছে সময় অতিদ্রুত
এই জীবনে যা অশ্রুত
জন্ম মানেই ভুলের কানাগলি,
ভুলের ওপর দাঁড়িয়ে থাকি ভুলের ওপর চলি।
সামনে-পিছে ডানে-বামে ভুলের অমর গাথা
লিখতে গেলে শেষ হবে না দশটা খেরোখাতা।