আমিনুল ইসলাম
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ০৯:০৩ এএম
আলোক ছড়ানো নক্ষত্রের আলোয় যখন
উদ্ভাসিত হয়ে ওঠে আড়ালের আনাচকানাচ
জোনাকির সাথে পাল্লা দিয়ে নেচে ওঠে
প্রান্তরের বট ও বাবলা, ক্লান্তি মুছে ফেলে
ডেকে ওঠে গেরস্তবাড়ির কুকুরগুলো,
তার চোখে ভেসে ওঠে নিবিড় অস্বস্তি;
কি দিন কি রাত, বদনাম রচনায় ব্যস্ত হয়ে
পড়ে উচ্ছিষ্টভোগী চামচারা: চাঁদমিয়ারা
ঘুমের দুশমন! চাঁদমিয়াদের মুখে থুতু!
নাইটগার্ড থেকে বাদুড় কারুরই বুঝতে বাকি
থাকে না, সূর্য নয়, চাঁদ নয়
সংঘবদ্ধ অন্ধকারই তার সহায়ক শক্তি।