কবিতা
শাহজালাল সুজন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ০৮:৪২ এএম
আঁচিল ভরা উশকো দেহ
ভারাক্রান্ত পাহাড়,
শজারুদের কাঁটা হারায়
নিত্য হচ্ছে আহার।
সাগর এখন বিলীন হয়ে
পুকুর মাঝে লুকায়,
পালাবদল পরিক্রমায়
সময় পড়ে ধোঁকায়।
চটকদারি রঙের মাঝে
দিন শেষে হয় কালো,
বিশালতা আকাশে নাই
ক্ষীণ সূর্যের আলো।
রুদ্ধশ্বাসে বাতাস আসে
প্রাণ সংহারে ছোঁয়া,
সময় গতির উল্টো স্রোতে
শ্মশান চরে ধোঁয়া।
তালা এখন ঝুলে আছে
বিবেকের মুখ বেয়ে,
সময়ের আজ অসংগতি
আবোলতাবোল গেয়ে।