কবিতা
মনিকা মারইয়াম
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ০৮:৩৬ এএম
অনুরাগী শরীরের গহিন দেয়াল ভেদ করে
আদিমতার জৌলুস ভেঙে ফিরে এসেছো নগ্নপায়ে
তখন তোমার শানিত কোমরে যৌনগন্ধমাখা জলের ঢেউ
যেখানে বিলীন হয় অপার্থিব বাসনার তন্দ্রাচ্ছন্ন রাত।
অপলক চেয়ে দেখি তোমাকে
তোমার অভ্যস্ত হাতগুলো পড়ে থাকে বিছানায়
শুধু চোখ দুটি নিদারুণ বেদনা ভেঙে উড়ে যেতে চায়...
ভাবছি, কতটুকু দূরে গেলে তুমি খুঁজে পাবে হলুদ বিকেল
কিংবা আমি অদৃশ্য হয়ে যাব তোমার আঙুলের ডগা থেকে!
আহা, প্রেমান্ধ মায়া
তুমি কাম ও ঘামের নিবিড় রাত্রির কলরব
এই আশ্চর্য আনন্দের ভিতর
আমাদের নিমগ্ন পাঠের স্বাধীন অধ্যায় শেষে
চুম্বনগুলো হয়ে যায় পাহাড়ি ঝর্ণার জলধারা
যার আঘাতে ধীরে ধীরে ক্ষয়ে যায় পাথরের দুঃখ।
অতঃপর, নিটোল ভালোবাসায় আমরা সামুদ্রিক ঢেউ
কিংবা জলের ভাঁজ ভেঙে উড়ে যাওয়া জোড়া অ্যালবাট্রস
আমরা পৃথিবীর সকল কিছু তরজমা করি
শুধু নিজেদের মোহনীয় দেহের তরজমা করতে পারি না।