× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

নাম

মারুফুল ইসলাম

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৫ এএম

শিল্পকর্ম : জামাল আহমেদ

শিল্পকর্ম : জামাল আহমেদ

আমি আনন্দকে বলি

তুমি আমার নাম লিখে রেখো

আমি বেদনাকে বলি

তুমি আমার নাম লিখে রেখো


কী আশ্চর্য দেখো

যে অন্তরিক্ষে সূর্য ডুবে যায় প্রতিটা প্রদোষে

সে অন্তরিক্ষেই ওঠে একই সূর্য পুনর্বার প্রত্যুষে


আমি সূর্যকে বলি

তুমি আমার নাম লিখে রেখো

আমি অন্তরিক্ষকে বলি

তুমি আমার নাম লিখে রেখো


লিখতে লিখতে আমি কখনো হারিয়ে যাই ঠিক সেখানে

কেউ কখনো যেখানে নিজেকে হারায় না

বরং সংগ্রামের সংকল্পে নিজেকে খুঁজে পায়

জীবনের সমূহ মোর্চায়


আমি সংগ্রামকে বলি

তুমি আমার নাম লিখে রেখো

আমি হারিয়ে যাওয়াকে বলি

তুমি আমার নাম লিখে রেখো


এ রকম করে একদিন রচিত হয় ইতিহাস

হয়তো ধরে রাখার জন্য

হয়তো ভুলে যাওয়ার জন্য


আমি স্মৃতিকে বলি

তুমি আমার নাম লিখে রেখো

আমি বিস্মৃতিকে বলি

তুমি আমার নাম লিখে রেখো


কিন্তু আমিতো ভুলতে আসিনি

কিংবা আসিনি ছিটকে পড়তে

আমিতো এসেছি মানবিক ধারাবাহিকতায়

শরতের শেফালিকাতলে

বিজয়ের অভিষেকে


আমি বিজয়কে বলি

তুমি আমার নাম লিখে রেখো

আমি পরাজয়কে বলি

তুমি আমার নাম লিখে রেখো


অনন্তর অধরা অনুভবের অনিকেত সংকেতে

জীবনের বীজমন্ত্রে

আমি অনিবার্য যাপনকে রূপান্তর করি

অবিকল্প ভাবনার উদ্‌যাপনে


আমি জীবনকে বলি

তুমি আমার নাম লিখে রেখো

আমি মৃত্যুকে বলি

তুমি আমার নাম লিখে রেখো

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা