কবিতা
মাহফুজা অনন্যা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৭ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৮ এএম
শিল্পকর্ম : জামাল আহমেদ
বন্যার নেমে যাওয়া পানিতে মেয়েটি তার পা দুটি ধুয়ে ঘরে উঠছে
এমন সময় আপনি গিয়ে তার সামনে দাঁড়ালেন
হাতে একগুচ্ছ কাশফুল
কার সাধ্য আপনাকে ফেরায়?
বালিকাবেলার লজ্জা দৌড়ে জানালার পাশে গিয়ে লুকায়,
বারান্দা হয়ে এসে আপনি মেয়েটির চিবুক ছুঁয়ে হাসলেনÑ
নদী ছুঁয়ে দিলেন, পতাকা উড়িয়ে দিলেন
মেয়েটি উড়ছে! পাখিরা ফিরছে!
ঘরে এসেছে তৃতীয় মেহমান!
মেয়েটির আলমিরা খুলে যায়
সাদা-নীল-ধূসর রঙে হাজারবুটিক পাপড়ি মেলে,
সামাজিক-মায়া ছড়িয়ে পড়ে জনপদে!
অসম্ভব ভাঙাগড়া সয়ে যাচ্ছে দুটি স্পর্শকাতর হৃদয়!