আসিফ নূর
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ১০:৫৬ এএম
গুহাটি পাহাড়ে নয়, তার মনের গহিন বনেই;
সেখানেই লুকিয়ে থাকে সে সঙ্গীহীন নিশিদিন একা।
গুহার ভেতর এদিক-সেদিক ছড়ানো-ছিটানো শোক
অনুতাপ আর দীর্ঘশ্বাসের যেসব বোবা পাথর,
তাদের ঘর্ষণে প্রায়ই ঝলসে ওঠা অবুঝ আগুনে
ক্ষয়িষ্ণু মোমের মতোই জ্বলে জ্বলে গলে পড়ে সে।
একদা খুশির হাটে তার হাসিগানের আড়ত ছিল,
এখন সে থাকে চুপচাপ; টুপটাপ অশ্রুঝরা চোখে।
আলোপ্রেমী উইপোকার নিয়মে জোড়াপাখা পুড়ে ছাই,
তাই সে নিয়েছে বেছে নিজস্ব নির্জন অন্ধকারবাস;
কেউ যেন খুঁজলেও আর দেখা না পায় তার।