দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ১০:৫৩ এএম
পুরুষতান্ত্রিক সমাজ তোমার নাম দিয়েছে অর্ধাঙ্গিনী
মিছিলে মিছিলে তোমার পায়ের ধুলা হয়ে
আমি তোমার নাম দিয়েছি শ্রেষ্ঠাঙ্গিনী।
তোমাকে পাওয়ার পর দীর্ঘ পরমায়ুর প্রত্যাশা বেড়ে যায়
তোমার সবুজ জমিনে পাথরচাপা সাদা কষ্ট নিংড়ে
আমিও পেয়েছি দুঃখ উদ্যাপনের শক্তি
ভালোবাসার বিস্তীর্ণ আকাশ দিয়েছো
এবার কিছু নান্দনিক কষ্টও দাও।
বড্ড অকিঞ্চিৎকর লোক আমি
আমার স্বপ্নের স-এর নিচে ব-ফলা নেই
সব মর্মস্পর্শী গল্পই উৎকৃষ্ট মনে হয় আমার কাছে
এত ভালোবাসা শুধু লাজুক ও ঋণীই করেনি
জীবনের নানা মেরুকরণের সমীকরণে জেনেছি
তুমি বহুমাত্রিক জ্যোতির্ময়ী।