শাহাবুদ্দীন নাগরী
প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ১৫:১৩ পিএম
একটা আস্ত নদী ঢুকে গেছে চোখের ভেতর
সারি সারি নৌকা তাতে থেমে আছে
জলে ডোবা ধাতব নোঙর।
ঢেউগুলো খেলে না জলে
তলে তলে
কী যে স্বপ্ন বোনে মাস্তুলে
সবকিছু গেছে ভুলে
ওড়ে না তার বিকশিত পাপড়ির পাল
মাঝিদের বৈঠাগুলো জড়িয়ে কাঁদে জেলেদের জাল।
চোখের নদী বড় অদ্ভুত
শোনে না কারও কথা বা আদেশ
তুমি যদি একবার প্লাবন দাও জোয়ারে ভাসাও
এ অধ্যায় হতে পারে শেষ।
নদী ধরে দাও যদি টান
ধুয়ে যাবে সব অভিমান।