বর্ষামঙ্গল
আলফ্রেড খোকন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১০:২৫ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১১:৪১ এএম
বৃষ্টি এখন বিক্রি হচ্ছে নানান আসরে
যেমন সিলেটের শ্রীমঙ্গলে এ মুহূর্তে বৃষ্টি হচ্ছে
কিন্তু তাকে দেখতে যেতে হলে
নগদ অর্থ লাগবে, বুকিং দিতে হবে
নানান জায়গায়;
মেঘালয়েও বৃষ্টি হচ্ছে অবিরাম
তার আতিথিয়েতা নিতে হলে
ভিসা ফি, গাড়ি ভাড়া ও হোটেল খরচ
কোমরের মতো পাহাড়কাটা মোড়পথে
চায়ের দোকান, চাওমিন প্লেটে
তাকায়ে থাকবেÑ-
এই ধরনের তাকায়ে থাকায়
টাকা-পয়সার খরচ জড়িয়ে থাকে
ফলে বৃষ্টি নিয়ে যত মিথ ও মিথস্ক্রিয়া
নেই সে কালিদাস অথবা
রবীন্দ্রনাথে বৃষ্টির সময়;
এমন বর্ষায় বৃষ্টির কাছে যেতে হলে
পকেটে হাত চলে যায়
কারণ বৃষ্টিরা বিক্রি হচ্ছে চড়া দামে
দেশে, বিদেশে এমনকি আমাদের পাড়াগাঁয়!