বর্ষামঙ্গল
তুষার দাশ
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১০:১৫ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১১:৪৪ এএম
কবিতাকে আপনাআপনি আসতে দাও তোমার নিকটে।
জোর করে টেনেহিঁচড়ে এনে
তাকে তুমি এলোমেলো বিস্রস্ত কোরো না।
কবিতা সতর্ক মৎস্য, চোখ তার ৩৬০ ডিগ্রিতেই ঘোরে
চারপাশ পুরোটাই দেখে নিতে পারে।
পাড়ে বসা বকধর্মে দর্শনে বিশ্বাসী
সে বড়শিধারী শিকারিকে নিয়ে সে-ও বেশ খেলে-
গভীর পানিতে বসে লেজ নেড়ে নেড়ে।
বোঝে সব।
দুচোখ ঘোরায়।
হাসে মনে মনে।
পলায়নোন্মুখ প্রতিটি মুহূর্তে সে-ও
তার বিম্ব সিকি-আধা ধরা পড়ে সংগুপ্ত বয়ানে।
অদৃষ্ট আলোক পেলে শুধু
আর, অবয়ব পুরোটাই ত্রিকালে একবার।