সোহরাব পাশা
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ০৯:৪০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪ ১১:১০ এএম
একটি লাল মাছ কোথাও উড়ে গেছে
বসন্তের পাখি উজ্জ্বল উড়াল খোঁজে
প্রিয়স্বপ্নগুলি মেঘের তরঙ্গপ্রিয় খুব
গাছের আশ্রয়ে ছায়া নেই,
নিদ্রিত অবহেলাগুলি পথের দূরত্ব
দু’জন কিংবা অনেকজন নিঃসঙ্গ
নিয়তই করুণ অসুখ থাকে অনিদ্রার
অনিশ্চিত... যাপনের;
বিকেলের লাল গাড়িতে কার চোখ
খুব দূরত্বের অসহায় ছিল
গান ছিল নিদ্রিত সুরের... পুষ্পফোটা
অশ্রুভেজা
রবীন্দ্রনাথের চিত্রা কি ফিরে এসে ছিল
অদ্ভুত রহস্যের ঐশ্বর্য জীবনের,
তুমি আমি এবং সে
আহতদিনের রোমান্টিক গল্প।