শামীম রেজা
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ০৯:৩৫ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪ ১১:১০ এএম
বুক পকেটে করে যে নবীন কবিরা
দূর গ্রাম থেকে যার যার নদী নিয়ে এসেছিল
এই নগরে, তারাই দিব্যি বেঁচে আছি আজও
কফিন ভর্তি প্রাসাদের থেকে দূরে বসে
দেখি আর শুনি সেইসব মৃত সমুদ্রের কথা
মনে পড়ে যায় তাচ্ছিল্যে ভরা নায়িকার হাসি
যেন সেই সব দিনে ছিলে চলমান রূপকথা
যেমন মনে পড়ে তারাভরা মৌন আকাশের মতো তোমাকে
চেয়ে চেয়ে না পেয়ে ফিরে আসা
মনে পড়ে সেই বন্ধুর কথা
নৈঃশব্দ্য দিয়ে যে হৃদয় পরিভ্রমণ করতে চেয়েছিল
সেও বাঁইচা নাই, যদিও জীবিত তার দেহ।
চুম্বনের ভাস্কর্যে নির্মিত সেই প্রেয়সীর নাম
মুইছা গেছে কবে, যার জন্য প্রিয় তার করেছে আত্মহনন
আশ্চর্য স্মরণ উৎসবে!
বিবর্ণ মুহূর্তে বিস্মৃত এই সময়ে ভীষণ যুদ্ধের এই দিনে
দিনরাত্তির পতনে, সময়ের পচনের পর
কীভাবে তবু সবুজ-নিঃশ্বাসে নিঃশ্বাসে
বুক থেকে নদী বের করে সেই সব কবিরা
আজও সাঁতরায় আর নতুন করে বেঁচে ওঠে
স্বপ্নগুল্মের ভেতরে বাইরে।