প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪ ২২:১২ পিএম
শীর্ষ ঋণ খেলাপি ইলিয়াছ ব্রাদার্সের ৬ মালিকের বিরদ্ধে স্থগিত থাকা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার এবং বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শককে নির্দেশনা দিয়েছেন আদালত। সোমবার (২০ মে) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সাউথ ইস্ট ব্যাংকের দায়ের করা একটি অর্থঋণ জারি মামলায় ২০২২ সালের ১৪ আগস্ট বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য ৮টি ধার্য তারিখ অতিবাহিত হলেও নগরীর চান্দগাঁও থানা পুলিশ উক্ত ওয়ারেন্ট তামিল করেননি। তাই উক্ত গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার জন্য আজ (সোমবার) আদালত চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার এবং বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শককে নির্দেশনা দিয়েছেন।
বিবাদীরা হলেন- ইলিয়াছ ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিএনপি নেতা মোহাম্মদ শামসুল আলম, পরিচালক মো. নুরুল আবছার, মো. নুরুল আলম, পরিচালক (ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রী) কামরুন নাহার বেগম ও পরিচালক তাহমিনা বেগম (নুরুল আবছারের স্ত্রী)।
মামলা নথি থেকে জানা যায়, সাউথইস্ট ব্যাংক খাতুনগঞ্জ শাখার ৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স ইলিয়াস ব্রাদার্সের এমডিসহ ৬ জনের বিরুদ্ধে ২০১২ সালে একটি অর্থঋণ মামলা (মামলা নম্বর ৫৪/১২) হয়। এ মামলায় তখন রায়ও ঘোষণা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু তারা তা করেনি। একপর্যায়ে সাউথইস্ট ব্যাংক ২০১৩ সালে টাকা ফেরত পেতে একটি জারি মামলা (৭৭/১৩) দায়ের করে। ওই মামলায় দুই দফায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও এখন পর্যন্ত কোনো টাকা পরিশোধ করেননি।