প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ১৭:০০ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪ ১৭:২১ পিএম
গোলাম কিবরিয়া ওরফে বড় মনির। ফাইল ফটো
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (৩০ মার্চ) তুরাগ থানায় মামলাটি করেন এক কলেজছাত্রী। ঘটনার পর থেকে বড় মনির পলাতক বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার বলেন, ‘শুক্রবার রাতে জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে পুলিশ রাজধানীর তুরাগ থানা এলাকার প্রিয়াংকা সিটি আবাসিক এলাকায় বড় মনিরের ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে। তাকে অস্ত্রের মুখে ওই বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তবে বড় মনির ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ওই কলেজছাত্রী। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
ওই কলেজছাত্রী পুলিশকে জানিয়েছেন, ‘তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। ফেসবুকের মাধ্যমে বড় মনিরের সঙ্গে পরিচয় হয়। সেই সূত্র ধরে শুক্রবার রাতে গাড়িতে করে ওই বাড়ি নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করা হয়।’ এ ঘটনার যথাযথ বিচার দাবি করেছে কলেজছাত্রীর পরিবার।
ডিএমপি উত্তরা বিভাগের ডিসি মো. শাহজাহান জানান, ‘টাঙ্গাইলের গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তুরাগ থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্ত চলছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
বড় মনির টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই। এর আগে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত বছরের ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় বড় মনিরের বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই মামলায় জামিনে আছেন তিনি।