প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ২১:১০ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ২২:৪৪ পিএম
চলতি বছরের অক্টোবর মাসে ৬২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১। এ ছাড়া প্রতারণার ২০ হাজার টাকা উদ্ধার করেছে সংস্থাটি। মোবাইলগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে এপিবিএন-১ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি একেএম মোশারফ হোসেন মিয়াজি।
তিনি বলেন, ‘অক্টোবর মাসে হারানো ৬২টি মোবাইল উদ্ধার করেছে ১-আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। দেশের বিভিন্ন থানায় এসব মোবাইলের জন্য জিডি করা হয়েছিল। এপিবিএনের সাইবার টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে এসব হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।’
তিনি আরও বলেন, ‘হারানো মুঠোফোন এবং নগদ প্রতারনার উদ্ধার হওয়া টাকা হাতে পেয়ে প্রকৃত মালিকরা এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’
উল্লেখ্য, ১-আর্মড পুলিশ ব্যাটলিয়ানের সাইবার টিম প্রতি মাসেই চুরি হওয়া বা হারিয়ে যাওয়া বিপুল পরিমাণ মোবাইল ফোন উদ্ধার করে আসছে।