অবৈধ সম্পদ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ১৪:১৫ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ১৪:২৩ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলামের (শফিক) বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ, আয়বহির্ভূত আড়াই কোটি টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন শফিক।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করে সংস্থার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।
দুদকের উপপরিচালক মু আরিফ সাদেক মামলা দায়েরের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালে ১৫ মার্চ দুদকের দাখিল করা সম্পদ বিবরণীতে শফিকুল ইসলাম নিজ নামে ১১ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার ৬৭৭ টাকার সম্পদের মধ্যে ১১ লাখ ১২ হাজর ৭৫০ টাকার সম্পদ গোপন ও মিথ্যা বিবরণী দাখিল করেন। তিনি দুই কোটি ৫৮ লাখ ২১ হাজার ৯৯০ টাকা টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এ প্রসঙ্গে জানতে কাউন্সিলর শফিকুল ইসলামের ফোনে কল করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।