প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৬ পিএম
সংগৃহীত ফটো
অভিনব
উপায়ে অবৈধভাবে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং সেই তথ্য দিয়ে মোবাইল ফোনের
সিম বিক্রয়কারি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা
বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাসুদ, মেহেদী হাসান, আল-আমিন মিয়া, আরাফাত
রহমান, নূর আলম ও ইমন হোসেন।
বুধবার
(১৩ সেপ্টেম্বর) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য
জানান।
তিনি
বলেন, সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম নিয়মিত অনলাইনে মনিটরিং করার সময় ‘ডিজিটাল সার্ভিস প্রো’ নামে ফেসবুক পেজে মোবাইল সিম
বায়োমেট্রিক, মোবাইল কললিস্ট, এসএমএস লিস্ট, বিকাশ/নগদ-এর তথ্যাদি টাকার বিনিময়ে
সরবরাহ করা হচ্ছে এমন পোস্ট দেখতে পায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত
করে ঢাকা, কুড়িগ্রাম ও রংপুর থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এ
ছাড়া তাদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত একটি মোবাইল অ্যাপ, বিশেষ
পদ্ধতিতে সংগ্রহকৃত বিভিন্ন ব্যক্তির ৮০০ ফিঙ্গারপ্রিন্টের অনুলিপি, বিভিন্ন ব্যক্তির
বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে রেজিস্ট্রেশনকৃত মোবাইল ফোনের সিম ১১০টি, ২টি কম্পিউটার,
৫টি মোবাইল, ৩টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও সংরক্ষণের কাজে
ব্যবহৃত বেশ কিছু অ্যাপ ও একটি ডিভাইস উদ্ধার করা হয়।
বায়োমেট্রিক
তথ্য সংগ্রহের কৌশল সম্পর্কে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, চক্রটি বিভিন্ন মোবাইল ফোন
অপারেটরে কর্মরত কিছু অসাধু কর্মীর সহায়তায় সিম বিক্রি বা সিম রিপ্লেসমেন্টের সময় হাত
পরিষ্কার করার নামে বিশেষ পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। সংরক্ষিত ফিঙ্গারপ্রিন্ট
দিয়ে তাদের অজান্তে তাদের এনআইডির বিপরীতে মোবাইল ফোনের সিম একটিভ করে অপরাধী ও
প্রতারকদের কাছে চড়া মূল্যে বিক্রি করে।
তিনি আরও বলেন, তারা ডিজিটাল সার্ভিস প্রো নামে ফেসবুক পেজ এবং একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রচার চালাতো। কামরাঙ্গীরচর থানার মামলায় ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।