× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদীর মৃত্যুতে চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া তাফসিরুল শিবিরকর্মী: র‍্যাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৩:৩৫ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১৪:১৯ পিএম

সাঈদীর মৃত্যুতে চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া তাফসিরুল শিবিরকর্মী: র‍্যাব

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় তার চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হুমকিদাতা গ্রেপ্তার তাফসিরুল ইসলাম ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

বাহিনীটি বলছে, তাফসিরুলের বাবা রফিকুল ইসলাম রফিও স্থানীয় জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী। ২০১৩-১৪ সালে এলাকায় নাশকতা সৃষ্টির অভিযোগে রফির বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং তিনি কারাভোগ করেন।

সাঈদী কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ১৩ আগস্ট তাকে ঢাকার বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানে হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৪ অগাস্ট রাতে সাঈদীর মৃত্যু হয়। তার চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসক দলে ছিলেন অধ্যাপক এস এম মোস্তফা জামান। প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ জানিয়ে গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

সাধারণ ডায়েরির পর বুধবার মধ্যরাতে ঝিনাইদহের মহেশপুর থেকে অভিযুক্ত তাফসিরুলকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব জানায়, ব্যক্তিগত ক্ষোভ ও আক্রমণ থেকে ভয়ভীতি দেখানোর জন্যই তাফসিরুল ওই চিকিৎসককে হত্যার হুমকি দেন। চিকিৎসায় সাঈদীর পরিবারও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারপরেও যারা এই চিকিৎসককে হেয় করে কথা বলছেন ও হুমকি দিচ্ছেন তাদের সবাইকে আইনের আওতায় আনতে কাজ করছে বলে জানিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ১৩ আগস্ট জামায়াত নেতা সাঈদী অসুস্থ হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ১৪ আগস্ট রাতে তিনি মারা যান। চিকিৎসকের বিশেষজ্ঞ টিম সাঈদীকে আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দেয়। সাঈদীর পরিবারও তার চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

তিনি আরও বলেন, ‘কিন্তু সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এছাড়া সাঈদীকে চিকিৎসা দেওয়া এস এম মোস্তফা জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচারের পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।’

এ ঘটনায় ধানমন্ডি থানায় চিকিৎসক মোস্তফা জামানের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‍্যাব -২ ও ৬ এর যৌথ  অভিযানে ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে অভিযুক্ত তাফসিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাবের খন্দকার আল মঈন।

তার দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাফসিরুল জামায়াত নেতা সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ চিকিৎসক মোস্তফা জামানকে ফেসবুকে ও মোবাইলে ম্যাসেজ দিয়ে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

তাফসিরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তাফসিরুল স্থানীয় একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছেন। তিনি স্কুল জীবন থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য। আইটিতে দক্ষ হওয়ায় অনলাইনে ই-মেইল মার্কেটিংয়ের কাজ করে মাসে ১০-১২ হাজার টাকা আয় করতেন তিনি।’

‘তাফসিরুলের বাবা রফিকুল ইসলাম রফি এলাকার জামায়াতের একজন সক্রিয় কর্মী। ২০১৩-১৪ সালে এলাকায় নাশকতা সৃষ্টির অপরাধে তার পিতার বিরুদ্ধে একাধিক মামলা করা হয় এবং এসব মামলায় তিনি কারাভোগও করেন,’ যোগ করেন র‍্যাব কমান্ডার।

তিনি বলেন, তাফসিরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দ্বারিয়াপুর, মহেশপুর#তাফসিরুল ইসলাম” ও “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দ্বারিয়াপুর, মহেশপুর@তাফসিরুল ইসলাম” নামে দুইটি ফেইসবুক গ্রুপের অ্যাডমিন।

র‍্যাব জানায়, মূলত তাফসিরুল দলীয় ও রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত ক্ষোভ ও আক্রোশ থেকে সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক মোস্তাফা জামানের ব্যক্তিগত মোবাইল নম্বর বিভিন্ন মাধ্যমে খুঁজে বের করে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি দেন। পরবর্তীতে হুমকি পাওয়া এ চিকিৎসক থানায় জিডি করলে তাফসিরুল হোয়াটসঅ্যাপের মেসেজ মুছে ফেলেন। কিন্তু তার মোবাইলে হত্যার হুমকি সম্বলিত মেসেজের স্ক্রীনশট পাওয়া যায়।

স্বার্থ হাসিলের জন্য একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপপ্রচার চালাচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘জামায়াত-শিবিরের বিভিন্ন ফেসবুক গ্রুপে ডাক্তারের নম্বর ছড়ানো হয়েছে। সেখান থেকে তার নম্বর সংগ্রহ করেন তাফসিরুল। তাছাড়া তিনি নিজেও আইটি বিশেষজ্ঞ। গ্রুপ থেকে নম্বর সংগ্রহ করে ডাক্তারকে হুমকি দিয়েছেন।’

এক প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘যারা এই চিকিৎসককে হেয় করে কথা বলছেন ও হুমকি দিচ্ছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা