আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী
প্রকাশ : ০৮ জুন ২০২৩ ২২:০৪ পিএম
বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। সংগৃহীত ফটো
পটুয়াখালীর দুমকিতে সুমি আক্তার নামে এক গৃহবধূর হাত-পা বেঁধে গায়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) বিকালে উপজেলার নূতনবাজার সংলগ্ন শাহজাহান মুন্সির (দারোগা) ভাড়াটে বাসায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানায়, দুমকি সাতানী গ্রামের বাসিন্দা প্রিন্স ও সুমি আক্তার দম্পতি চলতি মাসের ২ জুন শাহজাহান দারোগার ভাড়াটে বাসায় বসবাস শুরু করেন। এদিন দুপুরের হঠাৎ সুমি আক্তারের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান এবং বাইরে থেকে দরজা বন্ধ পান। পরে দরজা ভেঙ্গে সুমিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা।
প্রতিবেশীরা জানায়, ঘটনার সময় প্রিন্স বাসায় ছিলেন না। মুখোশধারী দুই দুর্বৃত্ত হঠাৎ বাসায় ঢুকে সুমির হাত-পা বেধে গায়ে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাট এলাকায় চাঁদা না পেয়ে সিকদার গেস্ট হাউসের ম্যানেজার জাহাঙ্গীরের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচদিন চিকিৎসা শেষে বুধবার (৭ জুন) রাতে তিনি মারা যান। এ ঘটনায় মামলা হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবার।