প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৩ ২১:০৭ পিএম
আপডেট : ০৯ মে ২০২৩ ২১:৪৪ পিএম
দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়। ছবি : প্রবা
গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ৩৪ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৯ মে) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সংস্থাটির উপপরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে মামলাটি করেন।
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মো. হেমায়েত উল্লাহ প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে ঢাকার তিনটি ব্যাংকে ১৫টি হিসাব খোলেন। একই সঙ্গে ওই হিসাবগুলোতে নিজেকেই নমিনি হিসেবে দেখান। পরে ওই হিসাবগুলোতে ফারইস্টের ৩৪ কোটি ৭২ লাখ টাকা ক্লিয়ারিংয়ের মাধ্যমে জমা করেন এবং পরবর্তীতে নিজে আত্মসাৎ করেন।
মামলার বিবরণীতে বলা হয়, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিভাগ থেকে হেমায়েত উল্লাহর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গিয়েছিল। দুদকের পর্যালোচনায় বেরিয়ে আসে হেমায়েত উল্লাহ ওই পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে কোম্পানিতে কর্মরত সাতজন কর্মকর্তার (সাবেক এসইভিপি সৈয়দ আব্দুল মতিন, সাবেক ইভিপি মো. ইব্রাহিম, এসইভিপি মোহাম্মদ আব্দুল হালিম, ইভিপি মোহাম্মদ আব্দুল মান্নান, ইভিপি মো. মাহবুবুল মাওলা, সাবেক ইভিপি এইচএম নুরুল কবীর তৌহিদী ও মোস্তফা জামান হামিদী স্বাধীন) নামে গুলশানের ওয়ান ব্যাংকে হিসাব খোলেন।
এ ছাড়া আল আরাফা ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখায় ওই কর্মকর্তাদের নামে ১৩টি হিসাব এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তোপখানা রোড শাখায় একই পদ্ধতি অবলম্বন করে আরও দুটি হিসাব খোলেন। সবগুলো হিসাবে নিজেকে নমিনি করেন তিনি। ওই হিসাবগুলোতে ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর করে মোট ৩৪ কোটি ৭২ লাখ টাকা জমা করা হয়। আর ওই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন হেমায়েত উল্লাহ।