গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৩:৩৫ পিএম
প্রতীকী ছবি
গোপালগঞ্জে এক লন্ডন
প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় ছুরিকাঘাতে আহাদ আলী নামে বাড়ির কেয়ারটেকার নিহত হয়েছেন।
এ সময় বাড়ির মালিক লন্ডন প্রবাসী শেখ মুরাদ হোসেনকে কুপিয়ে আহত করেছে ডাকাতরা। তাকে
উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) ভোরে
সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহাদ আলী ওই বাড়িতে
কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তার বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ।
স্থানীয়রা জানান, রবিবার
রাত ৩টার দিকে ৮-১০ জনের সশস্ত্র একদল ডাকাত লন্ডন প্রবাসী শেখ মুরাদ হোসেনের বাড়িতে
ডাকাতি করতে যায়। এ সময় তাদের আটকাতে গেলে বাড়ির মালিক শেখ মুরাদ হোসেন ও কেয়ারটেকার
আহাদ আলীকে কুপিয়ে মারাত্মক আহত করে ডাকাতরা। পরে তারা টাকা, স্বর্ণালংকার ও ল্যাপটপ
নিয়ে পালিয়ে যায়।
তারা জানান, ঘটনাস্থলে
কেয়ারটেকার আহাদ আলী নিহত হন এবং শেখ মুরাদ হোসেন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে
উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। মুরাদ
হোসেন কেয়ার টেকারকে নিয়ে বাড়িতে থাকতেন। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত। গত তিন
মাস ধরে বাড়িতে অবস্থান করছেন। বাড়ির গরুর খামার ও অসুস্থ মালিকের দেখাশোনা করতেন কেয়ারটেকার
আহাদ আলী।
ওসি জাবেদ মাসুদ বলেন, ‘প্রাথমিকভাবে এটি ডাকাতি হয়ে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশের সব কয়েকটি শাখা তদন্তকাজ শুরু করেছে।’