সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৫:৩০ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৬:৩০ পিএম
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, বাসা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে গৃহকর্তার শিশুপুত্রকে হত্যা করে চরে পুঁতে রাখা হয়।
প্রধান অভিযুক্তের তথ্য অনুযায়ী রবিবার (১২ মার্চ) সকালে উপজেলার জোতপাড়ায় যমুনার চর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
৯ বছরের নিহত ওই শিশুর নাম তানজিদ সরকার। তার বাবার নাম লতিফ সরকার। তাদের একটি বাড়ি গাজীপুরের কুনিয়াগাছায়। আর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের চৌহালীর জোতপাড়ায়। কুনিয়াগাছার বাড়ি ভাড়া নিয়ে বিরোধের জেরে চৌহালীর জোতপাড়ার বাড়ি থেকে ওই শিশু নিখোঁজ হয়।
হত্যার ঘটনায় টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়া পূর্বপাড়া গ্রামের সোহাগ হোসেন, স্ত্রী সুমাইয়া, মা চায়না খাতুন, বাবা মাখন মিয়া, খালা জুলেখা খাতুনকে আটক করেছে পুলিশ।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, গাজীপুরে লতিফ সরকারের বাড়িতে সোহাগের মা ও বোন ভাড়া থাকতেন। ভাড়া দেওয়া নিয়ে বাড়ির মালিকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দ্বন্দ্বের মধ্যে গত শুক্রবার সকালে চৌহালীর জোতপাড়ায় লতিফের বাড়িতে যান সোহাগ। সেখানে কৌশলে বাড়ির মালিকের ছেলে তানজিদকে নিয়ে বের হন তিনি।
এরপর পরিবারের লোকজন শিশুটিকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করলে চৌহালী থানা পুলিশ সোহাগকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রবিবার সকালে চৌহালীর জোতপাড়ার চর থেকে পুঁতে রাখা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তার গলা কাটা ছিল।’
এরপর পুলিশ সোহাগের আরও চার স্বজনকে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন থানার ওসি।