× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদা না পেয়ে বাড়ির সামনে যুবলীগ নেতার ক্লাবঘর

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১৮ এএম

ডামুড্যায় প্রবাসী জসীম উদ্দিন বেপারী দোকানঘরের সামনে যুবলীগ নেতার ক্লাবঘর। প্রবা ফটো

ডামুড্যায় প্রবাসী জসীম উদ্দিন বেপারী দোকানঘরের সামনে যুবলীগ নেতার ক্লাবঘর। প্রবা ফটো

শরীয়তপুরের ডামুড্যায় ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়িঘর ও দোকানপাটের সামনের রাস্তার জমিতে ক্লাবঘর নির্মাণ করাসহ এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী নিলুফা বেগম।

গত ১৮ ফেব্রুয়ারি রাতে ওই প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানের গা ঘেঁষে প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুর রাজ্জাকের নামে স্মৃতি সংসদ ক্লাব লেখা একটি সাইনবোর্ড স্থাপন করে ঘর তোলা হয়। এতে প্রবাসীর দোকানঘর বন্ধ রয়েছে। এ নিয়ে ইউএনও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার জায়গির গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে প্রবাসী জসীম উদ্দিন বেপারী ২০০৯ সালে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় পৌরসভার খেজুরতলায় রাস্তার পাশে জমি ক্রয় করেন। তিনি ২০১৮ সালে সেখানে বাড়ি নির্মাণ করেন। এখন বাড়ির পাশে দোকানঘর নির্মাণ করার সময় পৌর যুবলীগ নেতা নাছির মাদবর, তার দুলাভাই জাহের মাদবর, স্থানীয় কাউন্সিলর আবু তাহের ৫ লাখ টাকা দাবি করেন। প্রবাসীর পরিবার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা রাস্তার জমিতে ক্লাবঘর নির্মাণসহ ওই প্রবাসীর দোকানঘর দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা দাবি করে জানান, এ জায়গা দ্রুত উদ্ধার করে সরকারের আওতায় নেওয়া হোক। চাঁদা না দিলে নামে-বেনামে ক্লাব হবে এটা খুবই দুঃখজনক। কুলকুড়ি এলাকার মিলন ছৈয়াল জানান, এখানে আগে কোন ক্লাব ছিল না। এটা মসজিদের জায়গা হিসেবে পরিচিত ছিল। পরে খাসজমি হওয়ার কারণে মসজিদের দোকানঘর ভেঙে নিয়ে যাওয়া হয়। এখন আবদুর রাজ্জাক ক্লাব নামে জায়গা দখল করা হয়েছে।

এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে যুবলীগ নেতা অভিযুক্ত নাছির মাদবরকে পাওয়া যায়নি। আরেক অভিযুক্ত জাহের মাদবর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোনো ধরনের চাঁদা দাবি করা হয়নি। ছাত্রলীগের নেতারা এখানে ক্লাবঘর নির্মাণ করেছে। এখানে ক্লাবঘর নির্মাণের আগে আমার দোকান ছিল।’

প্রবাসীর স্ত্রী নিলুফা বেগম বলেন, ‘আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দেওয়ায় আমার দোকানঘরের সামনে সরকারি খাসজমিতে ক্লাবঘর নির্মাণ করেছে। এতে আমার দোকানঘর বন্ধ রয়েছে। ইউএনওর কাছে ও থানায় অভিযোগ করা হয়েছে। দখলদাররা পুলিশি বাধা উপেক্ষা করে রাতের বেলা ক্লাবঘর নির্মাণ করেছে।’

ইউএনও হাছিবা খান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ এসেছে। দুই-এক দিনের ভেতরে ব্যবস্থা নেওয়া হবে। খাসজমিতে ঘর ওঠানোর কোনো সুযোগ নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা