প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০৫ এএম
স্কুলছাত্রী ও তার মাকে যৌন হয়রানির অভিযোগে মো. মামুন নামে এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত এসপি আজাদ রহমান। মামুনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।
মামুনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার উৎরাইলে। তার বিরুদ্ধে অভিযোগ, পড়ানোর সুযোগে তিনি গোপনে বিভিন্ন সময় ছাত্রীর আপত্তিকর ছবি ধারণ করতেন। এদিকে বার্ষিক পরিক্ষায় ওই ছাত্রীর ফলাফল খারাপ হলে মামুনকে পড়ানো থেকে অব্যাহতি দেওয়া হয়। তাই মামুন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রী ও তার মাকে ধর্ষণের চেষ্টা করেন।
পুলিশ কর্মকর্তা আজাদ রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ওই ছাত্রী ও গৃহশিক্ষক মামুন একই এলাকার স্থায়ী বাসিন্দা। ছাত্রীকে ষষ্ঠ শ্রেণি থেকে পড়াতেন মামুন।
সিআইডির সাইবার পুলিশ ঘটনার বিষয়ে অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পায় জানিয়ে আজাদ রহমান বলেন, সাইবার পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় মামুনের অবস্থান শনাক্ত করে। শনিবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার অপরাধকাজে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।