× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি ভবনে থেকে ভাড়া দেন না ৩৫ কর্মকর্তা-কর্মচারী

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪০ পিএম

দুর্গাপুর উপজেলা পরিষদ ডরমিটরি

দুর্গাপুর উপজেলা পরিষদ ডরমিটরি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে থাকা সরকারি ডরমিটরিতে (সরকারি আবাসিক ভবন) দীর্ঘদিন ধরে বিনা ভাড়ায় বাস করে আসছেন উপজেলা পরিষদ ও অন্যান্য সরকারি দপ্তরের অন্তত ৩৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী। তাদের পাশাপাশি বিনা ভাড়ায় থাকছেন কয়েকজন ব্যাংকা কর্মকর্তা ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরাও।

এ ছাড়া ২০২১ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে ভবনটি নিলাম ঘোষণার নির্দেশে পরিপত্র জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু তার কোনোটিরই পাত্তা দেননি ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান। ঝুঁকি নিয়েই পরিত্যক্ত ভবনে স্ত্রী-সন্তান নিয়ে বাস করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, যোগদানের পর থেকেই ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, কম্পিউটার অপারেটর (ভূমি অফিস) মো. শাহিন মিয়া, ভূমি অফিসের গাড়িচালক সাকিব মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক জাকির মিয়া, একাডেমিক সুপারভাইজর মো. নাসির উদ্দিন, কৃষি ব্যাংক কর্মকর্তা আ. সালাম, কাকৈরগড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন আক্তার, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদা সুলতানা, মাঠ সহকারী (এলজিইডি) মোমেন মিয়া ও ভূমি অফিসের অফিস সহকারী আব্দুল মোতালিব শামীম উপজেলা পরিষদ ডরমিটরির বিভিন্ন ভবনে বাস করছেন।

সরকারি কর্মচারীদের জন্য নির্মিত ডরমিটরিতে ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর (বর্তমানে এলপিআর), এলজিইডি অফিসের সহকারী হিসাবরক্ষক মো. আশিক, প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহীদ মিয়া, এলজিইডি অফিসের ইলেট্রেশিয়ান শাহীনুর আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী আতিকুর রহমান বাস করছেন।

এ ছাড়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা নিয়াজুল, মোকলেছ উদ্দিন, মোতাহার হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বপন কুমার, ইউএনও অফিসের পিয়ন হাবীব, এলজিইডি অফিসের সুজন, প্রাথমিক শিক্ষা অফিসের ফাহিম, নির্বাচন কমিশন অফিসের কম্পিউটার অপারেটর আজহার মিয়া, দুর্গাপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদুর রহমান ১১ মাস এবং এ ইউ আলিম মাদ্রাসার প্রভাষক আশরাফুল ইসলাম দুই বছর ধরে বাস করছেন।

উপজেলা পরিষদ ডরমিটরিতে বসবাসকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি প্রমোট ভবনের দুটি রুমে দুজন কর্মকর্তা প্রতি মাসে ৫০০ টাকা জমা দেন। এমন জমা রশিদ দেখান দায়িত্বে থাকা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ। তবে অন্য সব কর্মকর্তা-কর্মচারীরা ভাড়া কর্তনের বিষয়ে সঠিক উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন। অনেকেই এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তবে কেউ কেউ বলেন, ভাড়া দেননি কিন্তু বিদ্যুৎ বিল এবং সংস্কারকাজে মাঝে মধ্যে সহায়তা করেন তারা।

উপজেলা হিসাবরক্ষণ অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদ ডরমিটরিতে বসবাসকারীদের বেতন-ভাতা থেকে কোনো ধরনের বাড়ি ভাড়া কাটা হচ্ছে না বা কোনো ধরনের বরাদ্দও নেননি তারা। 

উপজেলা সরকারি বাসা বরাদ্দ ও সংস্কার কমিটির সাধারণ সম্পাদক (উপজেলা প্রকৌশলী) মো. খোয়াজুর রহমান বলেন, যাদের বাসা ভাড়া বকেয়া আছে। বিধি মোতাবেক পাওনা আদায় করা হবে। অন্যথায় সরকারি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বাসা খালি করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। 

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মাসুম খান বলেন, ‘খামার ব্যবস্থাপক ছাড়া অন্য কারও বেতন-ভাতা থেকে বাড়ি ভাড়া কাটা হয় না এবং অন্য কেউ বাসা বরাদ্দও নেননি। যদি কেউ বরাদ্দ নিতেন, তাহলে সংক্রিয়ভাবে বাড়ি ভাড়া কাটা হতো। তারা কীভাবে উপজেলা পরিষদ কোয়াটারে থাকছেন সেটি আমার জানা নেই।’

ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, ‘উপজেলা বাড়ি ভাড়া বরাদ্দ ও সংস্কার কমিটি এ বিষয়ে ভালো বলতে পারবে। আমি যদিও ওই কমিটির সদস্য। তবে উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে এ বিষয়ে একটি সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা