চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৭ পিএম
চট্টগ্রামের ইপিজেড থানার কলসি দিঘী এলাকা থেকে আড়াই বছরে শিশু হৃদয়কে অপহরণের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংগৃহীত ফটো
চট্টগ্রামের ইপিজেড থানার কলসি দিঘী এলাকা থেকে আড়াই বছরে শিশু হৃদয়কে অপহরণের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে ফেনী জেলার দাগনভুঁইয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সুমী শীল ওরফে সুমী সরকার, লাকী বেগম ওরফে লাকী আক্তার, মো. আকিব, বেলাল হোসেন, হাবিবুর রহমান মজুমদার ও রোজিনা আক্তার।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) স্পিনা রানী প্রামাণিক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ইপিজেড থানা থেকে অপহৃত আড়াই বছরের শিশু হৃদয়কে ফেনী জেলার দাগনভুঁইয়া থানার গহিন এলাকা থেকে উদ্ধার করা হয়।
গত ২৫ জানুয়ারি দুপুরে ইপিজেড থানার কলসি দিঘী এলাকার সাইক্লোন শেল্টারের (স্কুল) সামনে থেকে হৃদয়ের বড় বোন জান্নাতুলকে কৌশলে খাবার কিনতে পাঠিয়ে হৃদয়কে অপহরণ করা হয়। ২৬ জানুয়ারি শিশুর বাবা মো. রবিউল বাদী হয়ে ইপিজেড থানায় অজ্ঞাতপরিচয় দুই নারীকে আসামি করে মামলা করেন।