× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় দিনভর গুলির ঘটনা, রাতে নিহত আওয়ামী লীগ নেতা

খুলনা অফিস

প্রকাশ : ১৯ মিনিট আগে

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

খুলনায় এক দিনে ছয় স্থানে গুলির ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত প্রায় নয় ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে।

এর মধ্যে দৌলতপুরে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. হালিম (৪০)।

পাশাপাশি, রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। নগরীর দুটি বাড়ি, একটি রেস্টুরেন্ট ও আড়ংঘাটার একটি দোকানেও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ফুলবাড়ীগেটে ‘গুলির শব্দ’ শোনা গেলেও ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কল্পতরু মাঠের পাশে হালিমকে গুলি করে হত্যা করা হয়।

মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত হালিম দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া কবরস্থানসংলগ্ন এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আলী। তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়ভাবে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। ঠিকাদারি ও ঘের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন তিনি।

হাসপাতালে স্বজনরা জানান, কল্পতরু মার্কেট এলাকায় প্রথমে পেছন থেকে হালিমকে গুলি করা হয়। পরে দুর্বৃত্তরা কাছে গিয়ে আবারও গুলি চালায়। তাদের দাবি, তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে চারটি তার মাথা ও বুকে লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা হালিমকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে এসআরবি ইউনিটের এফএস সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় তিন থেকে চারজনের সঙ্গে সাঈদ শিকদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

সদর থানার ওসি লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। তবে কারা এবং কী কারণে তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা জানা যায়নি।

মঙ্গলবার দুপুরে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন জানান, ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না। এতে কেউ হতাহত হননি।

এদিকে চাদা দাবিতে হুমকির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে চালু হয় নগরীর দ্যা পালংকি রেস্টুরেন্ট। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই রেস্টুরেন্টটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি প্রতিষ্ঠানের ওপরের সাইনবোর্ডে লাগে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনার সময় ওই এলাকায় পুলিশের একটি দল টহলে ছিল।

মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে পান্ন খলিফার দোকান লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় দোকানের ভেতরে ১০ থেকে ১২ জন ছিলেন। তাদের কয়েকজন ক্যারম খেলছিলেন। তবে কেউ হতাহত হননি।

পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি দোকানের সামনে দাঁড়িয়ে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া রাত ৮টার পর নগরীর ফুলবাড়ীগেট এলাকায় সোনালী জুট মিলের সামনে গুলির শব্দ শোনা গেলেও এর সত্যতা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে গুলির কোনো খোসা পাওয়া যায়নি, প্রত্যক্ষদর্শীরও সন্ধান মেলেনি। স্থানীয় কেউ কেউ টায়ার ফাটার মতো শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। সেটি গুলির শব্দ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত ঘটনা জানতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা