× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের নিয়ন্ত্রক, কে এই ‘সুইডেন আসলাম’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মিনিট আগে

সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত

সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত

একসময় রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও, রাজাবাজার ও শেরেবাংলা নগর এলাকার অপরাধজগতে ছিল তার ব্যাপক প্রভাব। খুন, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগে আলোচিত শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম দীর্ঘ ২৭ বছর কারাগারে ছিলেন। ২০২৪ সালে জামিনে মুক্তির পর এবার থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতিকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান তিনি। ইমিগ্রেশনের কার্যক্রম চলাকালে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

সোমবার ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আলোচিত নাম ছিলেন সুইডেন আসলাম। দীর্ঘদিন আত্মগোপনে থাকা, ছদ্মবেশে চলাফেরা এবং বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহারের কারণে তাকে ঘিরে তৈরি হয়েছিল নানা আলোচনা। কারাগারে থেকেও অপরাধজগতের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

আশির দশকে অপরাধজগতে উত্থান

সুইডেন আসলামের পুরো নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। বাবা শেখ জিন্নাত আলী। পরিবার নিয়ে তারা ঢাকার ইন্দিরা রোডে বসবাস করতেন। আসলাম তেজগাঁও পলিটেকনিক স্কুল, বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধজগতে তার উত্থান শুরু হয়। প্রথমে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিল হত্যাকাণ্ডে তার নাম আলোচনায় আসে।

নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ ছিল জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপের হাতে। এই গ্রুপের সদস্য পিচ্চি হান্নানের সঙ্গে আসলামের বিরোধ তৈরি হয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। ১৯৯৬ সালে পিচ্চি হান্নান আসলামের দলে যোগ দেন। ওই বছরের শেষ দিকে সুপারস্টার হোটেলের সামনে রানা হত্যাকাণ্ডে আসলাম ও হান্নানের নাম আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, হান্নানকে দিয়ে হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন আসলাম।

রানার মৃত্যুর পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের প্রভাব বাড়ে। এসব এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে তার নাম উঠে আসে।

কারাগারে থেকেও অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ

১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন আসলাম। বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ওই বছরের ২৬ মে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের তথ্যও প্রকাশিত হয়েছিল।

কারাগারে যাওয়ার পরও বাইরে থাকা সহযোগীদের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ব্যবসায়ী, আড়তদার ও পোশাক কারখানার মালিকদের কাছ থেকে চাঁদা আদায়, মাদক চোরাচালান এবং জমি দখলের মতো অপরাধে সম্পৃক্ততার অভিযোগও ছিল। কারাগারে তার সেল থেকে দুটি মুঠোফোন উদ্ধারের খবর প্রকাশিত হয়েছিল। এসব ফোনে সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

নামের সঙ্গে ‘সুইডেন’ কেন

জানা যায়, আসলামের প্রথম স্ত্রী ইতি সুইডেনপ্রবাসী ছিলেন। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে অবস্থান করেন। সেই সূত্রেই তার নামের সঙ্গে যুক্ত হয় ‘সুইডেন’। পরে তাদের বিচ্ছেদ হয়।

বিভিন্ন সংবাদ প্রতিবেদনে তার বিরুদ্ধে ১২টি মামলার তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে নয়টি হত্যা মামলা বলে জানা যায়। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় তার সাজা হয়েছিল।

২০২৪ সালে মুক্তি, এবার ফের গ্রেপ্তার

দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। প্রায় ২৭ বছর কারাগারে থাকার পর তার মুক্তি আলোচনার জন্ম দেয়।

মুক্তির পর এবার থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতিকালে বিমানবন্দরে গ্রেপ্তার হলেন তিনি। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বর্তমান অবস্থা এবং নতুন করে গ্রেপ্তারের পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা