প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার পতন নিয়ে মন্তব্য করার একদিন পর শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার পতন নিয়ে মন্তব্য করার একদিন পর শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার সকালে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাতে মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাপিয়া সুলতানাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের আগের দিন শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে পাপিয়া লেখেন, “সরকারের ৯০ শতাংশ পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলেই পড়ে যাবে”।
ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, গ্রেপ্তার হলেও তার কোনো সমস্যা নেই এবং অন্যদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পোস্টের শেষে তিনি ‘ইনশাআল্লাহ, জয় বাংলা’ লেখেন।
এ ছাড়া তার ফেসবুক অ্যাকাউন্টে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের পক্ষে বিভিন্ন পোস্টও দেখা গেছে বলে জানা গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার পাপিয়া সুলতানা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।