কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১১ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ‘সেকেন্ড ইন কমান্ড’ পরিচয়ধারী এক ব্যক্তিসহ সংগঠনটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ছবি: এপিবিএনের সৌজন্যে
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ‘সেকেন্ড ইন কমান্ড’ পরিচয়ধারী এক ব্যক্তিসহ সংগঠনটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আরসার সেকেন্ড ইন কমান্ড নূর হোসেন (৩১) এবং সংগঠনটির সদস্য মো. জুনায়েদ (২৩)। তারা দুজনই উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
আজ শনিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ।
তিনি জানান, গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের গোলঘরের পাশের একটি চায়ের দোকানের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রিয়াজ উদ্দিন আহম্মেদ আরও জানান, গ্রেপ্তার নূর হোসেনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা রয়েছে। গত ২৫ অক্টোবর দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় তার বিরুদ্ধে মামলাটি (মামলা নম্বর ৭০) দায়ের করা হয়।
গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ৮ এপিবিএন।