চট্রগ্রাম অফিস
প্রকাশ : ১৬ মিনিট আগে
ছবি: সংগৃহীত
জাপানে রপ্তানির জন্য প্রস্তুত চালানে ঘোষণা দেওয়া হয়েছিল বাছাইকৃত তামার। কিন্তু কন্টেইনার খুলে পাওয়া গেল জাহাজের কাটা ১০টি প্রপেলার। বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে উৎপাদিত পণ্য রপ্তানির পরিবর্তে স্থানীয়ভাবে সংগ্রহ করা এসব প্রপেলার পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা শনাক্ত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কমিশনারের নির্দেশনায় গত ১২ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রামের গোল্ডেন কন্টেইনার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালানো হয়। এ সময় রপ্তানির জন্য প্রস্তুত একটি চালান শতভাগ কায়িক পরীক্ষা করেন কাস্টমসের প্রতিরোধ দলের সদস্যরা। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
পরীক্ষায় নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের চালানে ঘোষিত বাছাইকৃত তামার পরিবর্তে জাহাজের ১০টি কাটা প্রপেলার পাওয়া যায়। চালানটির ঘোষিত মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ ডলার। পণ্যগুলো জাপানে পাঠানোর কথা ছিল।
কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় ইউটিলাইজেশন পারমিশনের (ইউপি) বিপরীতে তামার স্ক্র্যাপ ও তামার সংকর ধাতুর স্ক্র্যাপ কাঁচামাল হিসেবে আমদানি করে। এসব কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত বাছাইকৃত তামা রপ্তানির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে স্থানীয় উৎস থেকে সংগ্রহ করা ভিন্ন ধরনের পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হয়।